আরও একটি খারাপ সপ্তাহ কাটাল শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারের দরপতন ঠেকাতে নেওয়া সরকারের তৃতীয় প্রচেষ্টাও কার্যকর কোনো সুফল বয়ে আনতে পারছে না। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশসহ (আইসিবি) চারটি সরকারি ব্যাংককে শেয়ার কেনার নির্দেশ দেওয়ার পর দুই দিন বাজার বেড়েছিল। কিন্তু এর পরের দিন থেকে বাজার আবার দরপতনের ধারায় ফেরে, যা গতকাল বৃহস্পতিবারও অব্যাহত ছিল।সব মিলিয়ে বলা যায়, আরও একটি খারাপ সপ্তাহ কাটাল দেশের শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার সাধারণ মূল্যসূচক ২১৭ পয়েন্ট বা প্রায় তিন দশমিক ৬১ শতাংশ কমে পাঁচ হাজার ৮০০ পয়েন্টে নেমে এসেছে। এ নিয়ে গত তিন দিনে স্টক এক্সচেঞ্জটিতে সূচক কমল ৫৯০ পয়েন্টের মতো। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মূল্যসূচক ৬৩৪ পয়েন্ট কমে ১৬ হাজার ৩৩০ পয়েন্টে নেমে আসে। বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজার স্থিতিশীল করতে সরকার একাধিকবার বিভিন্ন সিদ্ধান্ত দিলেও তার কোনোটিই তেমনভাবে দৃশ্যমান হয়নি। সর্বশেষ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে দিয়ে বাজারে সমর্থন দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু আইসিবিসহ কোনো ব্যাংকই বড় ধরনের কোনো সমর্থন দেয়নি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে বাজারে দরপতন শুরু হয়। জানুয়ারির প্রথম সপ্তাহে এসে যা ধসে রূপ নেয়। এ পর্যায়ে ১০ জানুয়ারি বড় ধরনের ধস দেখা দিলে বাংলাদেশ ব্যাংক কিছু বিধিবিধান শিথিল করবে বলে জানায়। এতে পরের দিন বাজার আবার বাড়তে শুরু করে। কিন্তু কার্যত কোনো বিধিবিধান শিথিল না হওয়ায় বাজারে আবারও দরপতন শুরু হয়। এরপর ২৩ জানুয়ারি বাজারসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী বাণিজ্যিক ব্যাংকগুলোকে পুঁজিবাজার থেকে অর্জিত মুনাফার টাকা আবার বিনিয়োগের আহ্বান জানান। কিন্তু এ দফায়ও অর্থমন্ত্রীর আহ্বানে বাণিজ্যিক ব্যাংকগুলো সাড়া না দেওয়ায় বাজারের ধস আরও ত্বরান্বিত হয়। এতে প্রতিদিনই রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন বিনিয়োগকারীরা। শেষ পর্যন্ত গত ১৫ ফেব্রুয়ারি অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে শেয়ার কেনার নির্দেশ দেন। এতে বাজার দুই দিন বাড়লেও তৃতীয় দিন থেকে আবার কমতে শুরু করে। এ সময় আইসিবি ও জনতা ব্যাংক স্বল্প পরিমাণ শেয়ার কিনলেও বাজারকে সমর্থন দেওয়ার জন্য তা যথেষ্ট ছিল না। যোগাযোগ করা হলে বিনিয়োগ প্রতিষ্ঠান জেনিথ ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান প্রথম আলোকে বলেন, বাজারের সাম্প্রতিক গতি-প্রকৃতি দেখে মনে হচ্ছে বিনিয়োগকারীরা বাজারের ওপর কোনো আস্থা রাখতে পারছেন না। তাই কোনো কারণে বাজার একটু বাড়লেই তাঁরা শেয়ার বিক্রি করে দিয়ে বেরিয়ে যেতে চাইছেন। আরও লোকসানের আশঙ্কায় তাঁরা এটা করছেন। তিনি বলেন, এ অবস্থায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ, পতনের সময় তারাই বাজার থেকে তুলনামূলক নিরাপদে বেরিয়ে যেতে পেরেছে। এসব প্রতিষ্ঠানের এখন উচিত বিনিয়োগে ফিরে এসে বাজারকে সমর্থন জোগানো। কিন্তু লেনদেনের পরিমাণ দেখে মনে হয় না যে তারা সেটা করছে। বাজার-পরিস্থিতি: সপ্তাহের শেষ কর্মদিবসে গতকাল মোট ২৪৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ২৩১টির এবং অপরিবর্তিত ছিল দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৫৫৯ কোটি টাকার, যা গত বুধবারের চেয়ে ১৪ কোটি টাকা কম।সিএসইতে গতকাল ১৯২টি কোম্পানির শেয়ারের লেনদেন হয়। যার মধ্যে দাম বেড়েছে মাত্র ১৩টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত ছিল দুটির।