আরও একটি মিউচুয়াল ফান্ডের অনুমোদন
নতুন আরও একটি মিউচুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড নামের মেয়াদি এ তহবিলের আকার হবে ১০০ কোটি টাকা। গতকাল বুধবার অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় ফান্ডটির খসড়া প্রসপেক্টাস বা বিবরণীপত্র অনুমোদন দেওয়া হয়।
একই সভায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে আইআইডিএফসি সিকিউরিটিজ নামের একটি ব্রোকারেজ হাউসকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, মেয়াদি এ মিউচুয়াল ফান্ডে উদ্যোক্তা প্রতিষ্ঠান অগ্রণী ব্যাংক দেবে ৫০ কোটি টাকা। বাকি ৫০ কোটি টাকা ইউনিট বিক্রির মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। এটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে থাকবে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ বা আইসিবি।
এ ছাড়া গ্রাহকের সমন্বিত ব্যাংক হিসাবের অর্থ থেকে দুই বছরে ৯৫ লাখ টাকা ব্যাংকে স্থায়ী আমানত বা এফডিআর করে তা থেকে অর্জিত মুনাফা ব্রোকারেজ হাউসের হিসাবে জমা করায় আইআইডিএফসি সিকিউরিটিজকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।