আরও কিছু ব্যাংকের অর্থ চুরি হওয়ার তথ্য জানাল সুইফট
বিশ্বজুড়ে আর্থিক প্রতিষ্ঠান-গুলোকে অর্থ স্থানান্তরের নেটওয়ার্ক প্রদানকারী সংস্থা সুইফট তার বিভিন্ন সদস্য ব্যাংকের অর্থ চুরি (হ্যাকিং) হওয়ার নতুন তথ্য প্রকাশ করেছে।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি হওয়ার পর সুইফট যখন সদস্যদের নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে চাপ দিয়ে আসছিল তখনই সংস্থাটি চুরির এই নতুন তথ্য প্রকাশ করল। নিউইয়র্ক ফেড থেকে গত ফেব্রুয়ারিতে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নিয়েছিল।
সুইফট (সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টার ব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন) বলেছে, হ্যাকাররা জুন থেকে বিভিন্ন ব্যাংকের অর্থ চুরির চেষ্টা করে আসছে। এতে সফল হয়েছে কয়েকটি প্রচেষ্টা। অর্থাৎ কিছু ব্যাংকের অর্থ চুরি হয়েছে। গ্রাহক বা সদস্যদের কাছে গত মঙ্গলবার পাঠানো চিঠিতে এমন তথ্য জানিয়েছে সুইফট।
সংস্থাটি বলেছে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে সদস্যদের অর্থসংক্রান্ত তথ্য হালনাগাদ করতে গিয়ে চুরির নতুন তথ্য ধরা পড়েছে। পরিস্থিতির সুযোগ নিয়ে প্রতারকেরা অর্থ স্থানান্তরের নির্দেশনা দিয়ে এমন কাণ্ড ঘটানোর চেষ্টা করেছে। সুইফট বলছে, ‘এখনো সাইবার নিরাপত্তায় ঝুঁকি রয়েছে। হ্যাকাররা খুবই সুচতুর ও সূক্ষ্ম কায়দায় অর্থ চুরির চেষ্টা অব্যাহত রেখেছে।’
ব্রাসেলসভিত্তিক প্রতিষ্ঠান সুইফটের নতুন তথ্য প্রকাশের পর যে বিষয়টি সামনে চলে এসেছে সেটি হলো, সাইবার অপরাধীরা অর্থ চুরি করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যেসব দেশের অর্থ স্থানান্তর-প্রক্রিয়ার নিরাপত্তায় দুর্বলতা রয়েছে, তাদেরই লক্ষ্য বানাতে চাইছে সাইবার অপরাধীরা।
তবে কতটি ব্যাংকের অর্থ চুরি হয়েছে এবং হ্যাকাররা কতবার চুরির চেষ্টা করেছে, সেই তথ্য অবশ্য সুইফটের ওই চিঠিতে উল্লেখ করা হয়নি। এ প্রসঙ্গে সুইফটের একজন মুখপাত্র কোনো রকম বিস্তারিত কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, সুইফট কোনো গ্রাহকের বিষয়ে আলোচনা করে না।