আরও খারাপের দিকে সরকারি চার ব্যাংক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক
সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে।
ব্যাংকগুলো বড় ঋণখেলাপিদের কাছ থেকে তেমন টাকা আদায় করতে পারছে না। এদের মূলধন ঘাটতি কমার পরিবর্তে উল্টো বাড়ছে। সম্প্রতি চার ব্যাংকে দেখা দিয়েছে নতুন উপসর্গ। নয় মাসের ব্যবধানে চার ব্যাংকের লোকসানি শাখা দ্বিগুণ ছাড়িয়ে তিন গুণের কাছাকাছি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকে গত সোমবার রাষ্ট্রীয় মালিকানাধীন চার ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ব্যাংকগুলোর পক্ষ থেকে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তাতে এমন চিত্র উঠে এসেছে।
সমঝোতা স্মারক (এমওইউ) সই করে কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ, লোকসানি শাখা কমানোসহ বিভিন্ন বিষয়ে ব্যাংকগুলোকে বছরওয়ারি লক্ষ্যমাত্রা দিয়ে আসছে। কোন ব্যাংক কতটা সফল হলো, তা যাচাই করতেই তিন মাস পর পর ডাকা হয় এ বৈঠক।
কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানের সভাপতিত্বে বৈঠকে চার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) উপস্থিত ছিলেন।
চার ব্যাংকে সেপ্টেম্বর পর্যন্ত লোকসানি শাখা দাঁড়িয়েছে ৩০৩টি, গত বছর যা ছিল ১২১টি। সোনালী ব্যাংকের লোকসানি শাখা ৩১ থাকলেও সেপ্টেম্বরে তা বেড়ে ১৩০টি হয়েছে। এভাবে জনতা ব্যাংকের লোকসানি শাখা ৬০ থেকে বেড়ে ৭২, অগ্রণী ব্যাংকের ২২ থেকে বেড়ে ৭২ এবং রূপালী ব্যাংকের লোকসানি শাখা ৮ থেকে বেড়ে ২৯টি হয়েছে।
জনগণের আমানতের হাজার হাজার কোটি টাকা ঋণের নামে ‘অপাত্রে’ দেওয়ার কারণেই ব্যাংকগুলোতে মূলধনের ঘাটতি হচ্ছে বলে সমালোচনা রয়েছে। সেই ঘাটতি পূরণ করে সরকার করের টাকায়।
বৈঠকে বলা হয়, চার ব্যাংকের মূলধনের ঘাটতি ৩ হাজার ৫২ কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকের মূলধনের ঘাটতি ২ হাজার ১৫ কোটি টাকা, আগের বছরে যা ছিল ৩৯৪ কোটি টাকা। গত বছর জনতা ব্যাংকের মূলধন উদ্বৃত্ত ছিল ১০৮ কোটি টাকা, অথচ সেপ্টেম্বরে মূলধনের ঘাটতি দাঁড়িয়েছে ৬৬৩ কোটি টাকা।
এ ছাড়া গত বছর অগ্রণী ব্যাংকের ১৪৩ কোটি টাকার মূলধন উদ্বৃত্ত ছিল। অথচ সেপ্টেম্বর শেষে মূলধনের ঘাটতি দাঁড়ায় ৩৭৪ কোটি টাকা। রূপালী ব্যাংকেও ২০০ কোটি টাকার মূলধন উদ্বৃত্ত ছিল গত বছর। সেপ্টেম্বর শেষে ঘাটতি দাঁড়িয়েছে ৩৭৪ কোটি টাকা।
শীর্ষ ২০ ঋণখেলাপি থেকে চার ব্যাংককে ৯৭৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল। নয় মাসে ব্যাংকগুলো আদায় করেছে ১১৭ কোটি টাকা বা ১২ শতাংশ। শীর্ষ ২০ খেলাপির থেকে আদায়ে তুলনামূলক ভালো করেছে জনতা ব্যাংক, আর খারাপ করেছে রূপালী ব্যাংক।
শীর্ষ ২০ ঋণখেলাপি থেকে সোনালী ব্যাংকের আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৩০ কোটি টাকা। ব্যাংকটি আদায় করেছে ২৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৬ শতাংশ। জনতা ব্যাংক ২৩৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার মধ্যে নয় মাসে আদায় করেছে ৭৫ কোটি টাকা। অগ্রণী ব্যাংক ১৮ কোটি ও রূপালী ব্যাংক ২ কোটি টাকা আদায় করেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বর শেষে সোনালী ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৭ হাজার ৪৮৯ কোটি টাকা। এ ছাড়া জনতা ব্যাংকের ৩ হাজার ৭৬২ কোটি, অগ্রণী ব্যাংকের ৪ হাজার ৭২১ কোটি এবং রূপালী ব্যাংকের খেলাপি ঋণ ১ হাজার ৫৮৪ কোটি টাকা দাঁড়িয়েছে। খেলাপি ঋণের হার সোনালী ব্যাংকে ২৭ দশমিক ৬৩, অগ্রণীতে ২২ দশমিক ২০, জনতায় ১২ দশমিক ৩৮ এবং রূপালীতে ১২ দশমিক ১৭ শতাংশ।
জানতে চাইলে সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত বলেন, ‘একাধিক কারণে লোকসানি শাখা বেড়েছে। যেমন খেলাপি ঋণ আদায় করতে না পারা, বেতন বেড়ে যাওয়া ইত্যাদি। আর মূলধনের ঘাটতি বেড়েছে ব্যাসেল-৩ বাস্তবায়ন ও প্রভিশন রাখার কারণে।’
জনতা ব্যাংকের এমডি আবদুস সালাম প্রথম আলোকে বলেন, মামলার কারণে শীর্ষ ২০ খেলাপি থেকে আরও বেশি আদায় তিনি করতে পারেননি।
রূপালী ব্যাংকের এমডি এম ফরিদউদ্দিন বলেন, বছর শেষ হওয়ার পর তিনি ঠিকই লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি পৌঁছাবেন বলে আশাবাদী। অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদের বক্তব্য নিতে গতকাল কয়েকবার মুঠোফোনে যোগাযোগ করলেও ফোন ধরেননি তিনি।