আরও চার কারখানার সঙ্গে অ্যাকর্ডের সম্পর্ক ছিন্ন
চলতি মাসে নতুন করে চারটি তৈরি পোশাক কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ। ফলে জোটের সম্পর্ক ছিন্ন করা কারখানার সংখ্যা ৫৫-এ দাঁড়াল।
কর্মপরিবেশ উন্নয়নে সংস্কারকাজ না করা, সন্তোষজনক অগ্রগতি না হওয়া কিংবা সংশোধন কর্মপরিকল্পনা (ক্যাপ) জমা না দেওয়া—এই তিন কারণেই ৮ সেপ্টেম্বর একসঙ্গে চার কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অ্যাকর্ড। কারখানাগুলো হচ্ছে গাজীপুরের ড্যানিস নিটওয়্যার লিমিটেড ও কেনটু এশিয়া লিমিটেড, সাভারের হ্যানও হ্যাটস অ্যান্ড ক্যাপস লিমিটেড এবং হানওয়িন (বিডি) লিমিটেড। গত ১৮ আগস্ট ফ্রেশ ফ্যাশন ওয়্যার নামে গাজীপুরের আরেকটি কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই জোট।
ত্রুটি সংস্কারকাজে অগ্রগতিতে ব্যর্থ কারখানাগুলো অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ১৯০ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের পোশাক তৈরির কাজ পাবে না। তবে পুনরায় যথাযথভাবে সংস্কারকাজ শেষ করে কর্মপরিবেশ উন্নত করতে পারলে কারখানাগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে বলে জানিয়েছে অ্যাকর্ড।
এদিকে ২৩টি কারখানা ইতিমধ্যে সব ধরনের ত্রুটি সংস্কার বা সংশোধন করে অ্যাকর্ডের সনদ পেয়েছে। সর্বশেষ চলতি মাসে চট্টগ্রামের এনএইচটি ফ্যাশনস লিমিটেড এই সনদ পেয়েছে। গত জুন মাসের প্রতিবেদন অনুযায়ী, অ্যাকর্ড ১ হাজার ৩৩০ কারখানার প্রাথমিক পরিদর্শন শেষ করেছে। ১০৫টি কারখানা পরিদর্শনের জন্য তালিকাভুক্ত হয়েছে। আর অ্যালায়েন্সের সঙ্গে যৌথভাবে ২১১ কারখানার পরিদর্শন শেষ করেছে অ্যাকর্ড।