আরও টাকা চায় বিজেএমসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কাছে আরও টাকা চেয়েছে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর পরিচালনাকারী সংস্থা বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। সংস্থাটি এবার ১ হাজার ১৭৮ কোটি ৪০ লাখ টাকা চেয়েছে।
এই টাকা দিয়ে বিজেএমসি একদিকে পাটকলগুলোর জন্য পাট কিনবে, তেমনি পাঁচ বছর ধরে জমে থাকা শ্রমিক-কর্মচারীদের বকেয়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ করবে। এ নিয়ে দুটি চিঠি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিজেএমসি। পাট মন্ত্রণালয় সেগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
ঈদুল ফিতরের আগেও ৭০০ কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছিল বিজেএমসি। অর্থমন্ত্রী প্রথমে টাকা দিতে রাজি হননি। উল্টো মন্তব্য লেখেন, বন্ধ পাটকলগুলো পুনরায় চালু করে সরকার মারাত্মক ভুল করেছে। অবশ্য ঈদের পরে পাট কেনার জন্য বিজেএমসিকে ১০০ কোটি টাকা দেওয়া হয়।
জানতে চাইলে বিজেএমসির চেয়ারম্যান হুমায়ূন খালেদ প্রথম আলোকে বলেন, ‘মৌসুমের শুরুতেই যেন পাট কিনতে পারি, সে জন্য কয়েক দফায় আমরা টাকা চেয়ে চিঠি দিয়েছি। ঈদের পরপর আমরা ১০০ কোটি টাকা পেয়েছি। কিন্তু এটা দিয়ে হবে না। তাই আমরা টাকা চেয়ে আরেকটি চিঠি দিয়েছি। আরেকটি চিঠি দেওয়া হয়েছে বকেয়া গ্র্যাচুইটি-প্রভিডেন্ট ফান্ড পরিশোধের জন্য।’
পাট কিনতে ৪০০ কোটি: চলতি ২০১৫-১৬ অর্থবছরে বিজেএমসি ২৬ লাখ ৬৮ হাজার কুইন্টাল (১ কুইন্টাল মানে ১০০ কেজি) পাট কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এ জন্য বিজেএমসির লাগবে ১ হাজার ১২০ কোটি টাকা।
৬ আগস্ট পাট মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বিজেএমসি বলেছে, সরকার যে ১০০ কোটি টাকা দিয়েছে, তাতে লক্ষ্যমাত্রার মাত্র ৮ দশমিক ৯২ শতাংশ পাট কেনা যাবে। পাটকলগুলোর জন্য এটা অপ্রতুল। বিজেএমসি বলেছে, এখন পাট কেনার ভরা মৌসুম। এখন কম দামে মানসম্মত কাঁচা পাট কেনা সম্ভব। আগামী ৩০-৪০ দিনের মধ্যে ৫০-৬০ শতাংশ পাট কেনা প্রয়োজন। সময়মতো পর্যাপ্ত পাট কিনতে না পারলে পরে কুইন্টালপ্রতি ৪০০-৫০০ টাকা বেশি দামে পাট কিনতে হবে। এতে ২০০-২৫০ কোটি টাকা বেশি লাগবে, উৎপাদন ব্যয়ও বাড়বে। তাই জরুরিভিত্তিতে ৪০০ কোটি টাকা অর্থায়নের জন্য অনুরোধ করেছে বিজেএমসি।
গ্র্যাচুইটি-প্রভিডেন্ট ফান্ডের জন্য ৭০৬ কোটি: বিজেএমসি বলছে, ২০০৯-১০ অর্থবছরে সংস্থাটির ৭৪৪ জন শ্রমিক-কর্মচারী গ্র্যাচুইটি পাওনা হন ২৮ কোটি ৮ লাখ টাকা। ২০১০-১১ অর্থবছরে ৬০৩ জন ৩২ কোটি ১৫ লাখ, ২০১১-১২ অর্থবছরে ৫৩৮ জন ২৬ কোটি ২১ লাখ, ২০১২-১৩ অর্থবছরে ১ হাজার ১৯৩ জন ৪৯ কোটি ৬২ লাখ, ২০১৩-১৪ অর্থবছরে ১ হাজার ২১২ জন ৫৫ কোটি ১৪ লাখ এবং ২০১৪-১৫ অর্থবছরে ১ হাজার ৮৫ জন শ্রমিক-কর্মচারী ৪৮ কোটি ৭৫ লাখ টাকা গ্র্যাচুইটি পাওনা হয়েছেন। সব মিলিয়ে বকেয়া গ্র্যাচুইটির পরিমাণ ২৩৯ কোটি ৯৫ লাখ টাকা।
আবার প্রভিডেন্ট ফান্ড বাবদ ২০০৯-১০ অর্থবছরে ১৭ কোটি ২৬ লাখ, ২০১০-১১ অর্থবছরে ১৬ কোটি ৫১ লাখ, ২০১১-১২ অর্থবছরে ১৩ কোটি ৬ লাখ, ২০১২-১৩ অর্থবছরে ২৯ কোটি ১৮ লাখ, ২০১৩-১৪ অর্থবছরে ৩৭ কোটি ৯৮ লাখ এবং ২০১৪-১৫ অর্থবছরে ৩১ কোটি ৯৪ লাখ টাকা বকেয়া আছে। সব মিলিয়ে বিজেএমসির বকেয়া প্রভিডেন্ট ফান্ডের পরিমাণ ১৪৫ কোটি ৯৩ লাখ টাকা।
প্রসঙ্গত, সরকার এর আগে ২০০০-০১ অর্থবছর থেকে ২০০৮-০৯ অর্থবছর পর্যন্ত বিজেএমসির জমে থাকা বকেয়া ৩৩০ কোটি ২৫ লাখ টাকার প্রভিডেন্ট ফান্ড পরিশোধ করে দেয়।
২০১২ সালে পাটকলশ্রমিকদের জন্য মজুরি কমিশন ২০১০ ঘোষণা করে। এটি বাস্তবায়ন করতে গিয়ে বিজেএমসির ৭২০ কোটি টাকার দায় সৃষ্টি হয়। পাটকলগুলোতে অস্থিরতা দেখা দিলে পাট মন্ত্রণালয়ের নির্দেশে বিজেএমসি দুই কিস্তিতে ৩২০ কোটি টাকা পরিশোধ করে। তৃতীয় ও চতুর্থ কিস্তির ৪০০ কোটি টাকা সরকার পরিশোধ করে। বিজেএমসি পরিশোধিত ৩২০ কোটি টাকা সরকার আর দেয়নি।
এসব বিষয় উল্লেখ করে ৯ আগস্ট আরেকটি চিঠি দেয় বিজেএমসি। চিঠিতে গ্র্যাচুইটি-প্রভিডেন্ট ফান্ড ও মজুরি কমিশনের বকেয়া বাবদ ৭০৫ কোটি ৮৮ লাখ টাকা পরিশোধের অনুরোধ জানানো হয়।
বন্ধ পাটকল চালুর ৭২ কোটি: বন্ধ পাটকল চালুর সরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিজেএমসি নিজের অর্থে দৌলতপুর জুট মিলস, কর্ণফুলী জুট মিলস এবং ফোরাত-কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি চালু করে। এতে খরচ হয় ৭২ কোটি ৫২ লাখ টাকা। কিন্তু এখনো এ টাকা সরকার বিজেএমসিকে দেয়নি। দ্বিতীয় চিঠিতে এই অর্থ পরিশোধের অনুরোধও করা হয়।