আরও তিন বছর থাকবে অ্যাকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে কর্মরত ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ ২০২১ সালের ৩১ মে পর্যন্ত কার্যক্রম চালাবে। এ বিষয়ে অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান এবং বৈশ্বিক ট্রেড ইউনিয়ন একমত হয়েছে।
গত সপ্তাহে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে অ্যাকর্ড কর্তৃপক্ষ। আগামী বছরের মে মাসে অ্যাকর্ডের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। তবে সংস্কারকাজে ধীর গতিসহ নানা কারণে গত কিছুদিন ধরেই অ্যাকর্ডের সময়সীমা বাড়ানোর বিষয়ে দেশে-বিদেশে জোর আলোচনা হচ্ছিল।
অ্যাকর্ড দাবি করেছে, অ্যাকর্ডের কার্যক্রম তিন বছর বাড়ানোর প্রস্তাবে ইতিমধ্যে ইন্ডাস্ট্রিঅল, ইউএনআই গ্লোবাল ইউনিয়নসহ কয়েকটি কোম্পানি স্বাক্ষর করেছে। সামনের দিনগুলোতে বাকি অনেক কোম্পানি স্বাক্ষর করবে। বর্তমানে পোশাক খাতের প্রায় ২০০ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান অ্যাকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ আছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের পর বাংলাদেশ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে অ্যাকর্ড। এ জন্য অ্যাকর্ডের স্টিয়ারিং কমিটি ২০১৯ সালের ডিসেম্বরে একটি সমীক্ষা করবে। এ সময় তারা দেখবে, সরকারের কোনো প্রতিষ্ঠান অ্যাকর্ডের কার্যক্রম পরিচালনা করার সক্ষমতা অর্জন করেছে কি না। তেমনটি হলে অ্যাকর্ড তার কার্যক্রম গোটাবে। অন্যথায় ২০২১ সালের মে মাসের পর অ্যাকর্ডের সময়সীমা আরও ১২ মাস বা ১ বছর পর্যন্ত বাড়বে।
২০১৩ সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর মে মাসে অ্যাকর্ড গঠিত হয়। ইউরোপীয় ক্রেতাদের এই জোটের অধীনে প্রায় ১ হাজার ৬০০ কারখানা পরিদর্শন করা হয়েছে। অ্যাকর্ডের প্রকৌশলীরা এসব কারখানার অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত ত্রুটি চিহ্নিত করে এসব সংস্কার কর্মপরিকল্পনা করে দেন। সে অনুযায়ী কাজ করছে কারখানাগুলো।
অ্যাকর্ডের ওয়েবসাইট অনুযায়ী, জোটের কারখানাগুলো এখন পর্যন্ত ৭৭ শতাংশ ত্রুটি সংশোধন শেষ করেছে। ৪০০ কারখানার সংস্কারকাজ প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। ৬১ কারখানা প্রাথমিকভাবে চিহ্নিত সব ত্রুটি সংশোধন শেষ করেছে।