আরও তিন লাখ টন চাল আমদানি হচ্ছে
আরও ৩ লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এর মধ্যে ২ লাখ ৫০ হাজার টন আমদানি করা হবে দরপত্র ছাড়া জরুরি ভিত্তিতে। বাকি ৫০ হাজার টন আমদানি করা হবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে।
সচিবালয়ে গতকাল বুধবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে চাল আমদানি বিষয়ে দুটি প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
মোস্তাফিজুর রহমান জানান, দরপত্র আহ্বান ছাড়া রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে কম্বোডিয়া থেকে আমদানি করা হবে ২ লাখ ৫০ হাজার টন আতপ চাল। প্রতি টন ৪৫৩ মার্কিন ডলার হিসাবে আড়াই লাখ টন চাল আমদানিতে বাংলাদেশি টাকায় মোট খরচ পড়বে ৯৪০ কোটি টাকা।
আর আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চলতি ২০১৭-১৮ অর্থবছর প্যাকেজ তিন-এর আওতায় আমদানি করা হবে আরও ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল। প্রতি টন ৪০৭ দশমিক ৮৯ ডলার হিসাবে সিদ্ধ চাল সরবরাহ করবে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান রেজিংটন এন্টারপ্রাইজ লিমিটেড। এতে বাংলাদেশি মুদ্রায় ১৬৯ কোটি ২৭ লাখ টাকা খরচ হবে।
বেসরকারি খাতকে উৎসাহিত করতে সরকার ইতিমধ্যে চাল আমদানির শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে মাত্র ২ শতাংশ নির্ধারণ করেছে।
বৈঠকে আশুগঞ্জ ও কেরানীগঞ্জের দুটি িবদ্যুৎকেন্দ্রের মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে নতুন ট্যারিফ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম–২ প্রকল্পের আওতায় ৭টি প্যাকেজে ২১টি ৩৩/১১ কেভি সাব–স্টেশন নির্মাণের প্রস্তাব ক্রয় কমিটিতে অনুমোদিত হয়েছে।