আরও দুই সপ্তাহ সময় পেল বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবি ও এয়ারটেলের একীভূতকরণের (মার্জার) বিশেষজ্ঞ মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার সময় দুই সপ্তাহ বাড়িয়ে ২২ মার্চ নির্ধারণ করেছেন আদালত। প্রতিবেদন জমার সময় বাড়াতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) করা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে গত ২৫ জানুয়ারি সরকার ও বিটিআরসিকে আট সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেন হাইকোর্ট। সে আদেশ অনুযায়ী বিশেষজ্ঞ মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন ছিল ৭ মার্চ, যা এখন দুই সপ্তাহ বাড়িয়ে ২২ মার্চ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আগামী ১০ এপ্রিলের মধ্যে বিটিআরসিকে এ বিষয়ে একটি পূর্ণ কমপ্লায়েন্স প্রতিবেদন জমা দিতে হবে। এ বিষয়ের পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে ১১ এপ্রিল।
বিটিআরসি সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রবি-এয়ারটেল একীভূতকরণের বিষয়ে সব মূল্যায়ন প্রতিবেদন একত্র করে চূড়ান্ত প্রতিবেদন তৈরির জন্য একটি আলাদা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এখন প্রতিবেদন তৈরির কাজ করছে।
জানতে চাইলে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম প্রথম আলোকে বলেন, ‘একীভূতকরণের বিষয়ে আর্থসামাজিক ও কারিগরি বিষয়-সংক্রান্ত দুটি প্রতিবেদন, এ বিষয়ে হওয়া গণশুনানি ও অন্যান্য মোবাইল অপারেটরের মতামত—সব প্রতিবেদনকে এক করে একটি মূল প্রতিবেদন তৈরিতে কিছুটা বাড়তি সময় প্রয়োজন। সে জন্যই আমরা আদালতের কাছে সময় বাড়ানোর আবেদন করি। সব দিক বিবেচনা করে আদালত আমাদের বাড়তি সময় দিয়েছেন।’