আরও দুই সপ্তাহ সময় পেল সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর রবি ও এয়ারটেলের একীভূতকরণের বিষয়ে সরকারের মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও দুই সপ্তাহ বাড়িয়েছেন আদালত। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আগের বেঁধে দেওয়া সময় অনুযায়ী গতকাল ছিল এ প্রতিবেদন জমা দেওয়ার শেষ দিন। প্রতিবেদন চূড়ান্ত না হওয়ায় সরকারের পক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এক মাস সময় বাড়ানোর জন্য আবেদন করে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব বলেন, একীভূতকরণের বিষয়ে সরকারের মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে ১৫ মে নির্ধারণ করেছেন আদালত। এ বিষয়ে বিটিআরসির একটি অতিরিক্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়ে কাল (মঙ্গলবার) শুনানি রয়েছে। রবি-এয়ারটেলের একীভূতকরণের মূল্যায়ন প্রতিবেদন জমা দিতে এ নিয়ে তৃতীয়বারের মতো সময় বাড়ালেন আদালত। ব্যবসায়িক কার্যক্রম একীভূত করতে গত সেপ্টেম্বরে বিটিআরসির কাছে আবেদন করে অপারেটর দুটি।