আরও দুটি কোম্পানির আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্তির জন্য নতুন দুটি কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আবেদন অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কোম্পানি দুটি হলো গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ও বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড।এসইসির এক সভায় গতকাল বুধবার কোম্পানি দুটির আইপিও প্রস্তাব অনুমোদন করা হয়। সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গোল্ডেন হারভেস্ট তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) সঙ্গে ১৫ টাকা অধিমূল্য বা প্রিমিয়াম যোগ করে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। স্থিরমূল্য পদ্ধতিতে (ফিক্সড প্রাইস মেথড) এই দাম নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে বেনকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও রয়েল গ্রিন ক্যাপিটাল মার্কেট লিমিটেড।এসইসি আরও জানিয়েছে, কোম্পানিটি আইপিও আবেদনের সঙ্গে যে আর্থিক প্রতিবেদন জমা দিয়েছে, তাতে ২০১১ সালের জুন মাসে সমাপ্ত আর্থিক বছরে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে চার টাকা ৭২ পয়সা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভি দেখানো হয়েছে ২৫ টাকা ৫৩ পয়সা।অন্যদিকে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক আইপিওর মাধ্যমে এক কোটি ৬০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা অধিমূল্য যোগ করে এই কোম্পানির প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। স্থিরমূল্য পদ্ধতিতে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে এসইসি জানিয়েছে।এসইসি আরও জানায়, এই কোম্পানির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ২০১১ সালের জুনে সমাপ্ত আর্থিক বছরে কোম্পানিটির ইপিএস দেখানো হয়েছে তিন টাকা ৬২ পয়সা। একই সময়ে কোম্পানিটির এনএভি দেখানো হয় ১৯ টাকা ৪৫ পয়সা। এ ছাড়া কমিশনের গতকালের সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান পিএফআই সিকিউরিটিজকে সতর্কপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য এই সতর্কপত্র দেওয়া হবে বলে এসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।