আরও দুটি নতুন ব্যাংক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আরও দুটি তফসিলি ব্যাংকের অনুমোদন দিতে তোড়জোড় শুরু হয়েছে। এর মধ্যে প্রস্তাবিত একটি ব্যাংকের উদ্যোক্তা বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন। অন্য একটি ব্যাংকের উদ্যোক্তা সন্দীপের এম এ কাশেম। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁদের ব্যাংক দেওয়ার ইচ্ছা পোষণ করে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ ব্যাংকে। নতুন ব্যাংক দুটির অনুমোদন দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখছে কেন্দ্রীয় ব্যাংক।
জানা গেছে, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন নতুন একটি ব্যাংকের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করেন। প্রস্তাবিত ওই ব্যাংকটির নাম ‘বাংলা ব্যাংক’। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান নোয়াখালী-২ আসনের আওয়ামী লীগের সাংসদ মোরশেদ আলম। তিনি মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান। এ ছাড়া জসীম উদ্দিন ২০১২ সালে অনুমোদন দেওয়া মেঘনা ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার।
যোগাযোগ করা হলে জসীম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের জন্য আমরা আবেদন করেছি, শুনেছি অনেকেই আবেদন করেছেন। রাজনৈতিক লোকদের পরিবর্তে আমাদের মতো ব্যবসায়ীদের লাইসেন্স দিলে আমরা ভালো করব।’
অর্থমন্ত্রীর দেওয়া চিঠিতে বলা হয়েছে, বাংলা ব্যাংকের অনুমোদন পেলে একটি বিশেষ এলাকার হাসপাতালটি চলতে পারবে। ব্যাংকটির অর্থায়নে হাসপাতালটি পরিচালনা করা যাবে। এ ছাড়া সন্দীপের এম এ কাশেমের প্রস্তাবিত ‘পিপলস ইসলামী ব্যাংক’-এর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন অর্থমন্ত্রী। এরপরই ব্যাংক দুটির অনুমোদন দেওয়া নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। যদিও আরও অনেক আবেদন জমা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকে।
জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির নামে নড়াইলে একটি হাসপাতাল হচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি প্রস্তাবিত হাসপাতালের সাইনবোর্ড টাঙানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শুভ্রা মুখার্জির মেমোরিয়াল ট্রাস্টের সদস্য জসীম উদ্দিন। যিনি ‘বাংলা ব্যাংক’ নামে নতুন ব্যাংকের আবেদন করেছেন।
নতুন ব্যাংক দেওয়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, ‘সরকারের ইচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক আগে নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছিল। বাংলাদেশের অর্থনীতিতে ৫৭টি ব্যাংক যথেষ্ট। নতুন করে আরও ব্যাংক দিলে এ খাতে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংককে কঠোর হতে হবে।’
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাংলা ব্যাংকসহ আরও কয়েকটি ব্যাংকের আবেদন জমা পড়েছে। তবে এই মুহূর্তে নতুন ব্যাংক অনুমোদন দেওয়ার কোনো কার্যক্রম চলমান নেই।’
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, রীতি অনুযায়ী নতুন ব্যাংকের জন্য আবেদন আহ্বান করা হয়। এরপর আবেদনপত্র বিবেচনা নিয়ে রেটিং করা হয়। এরপরই নতুন ব্যাংকের অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ। তবে আবেদন আহ্বান ছাড়াই সরকারের তালিকা অনুযায়ী অনুমোদন দেওয়ার নজির রয়েছে।
আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদে ২০১২ সালে নয়টি নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকেও নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া নিয়ে দ্বিমত ছিল। অর্থনীতিবিদেরাও এর বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। সে সময় অনুমোদন পাওয়া সব ব্যাংকই পান সরকার-সমর্থিত ব্যক্তিরা। ব্যাংকগুলো হলো আয়কর উপদেষ্টা এস এম মনিরুজ্জামান খন্দকারের মিডল্যান্ড ব্যাংক, সাংসদ এইচ এন আশিকুর রহমানের মেঘনা ব্যাংক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ফারমার্স ব্যাংক, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ইউনিয়ন ব্যাংক, সরকারদলীয় সাংসদ ফজলে নূর তাপসের মধুমতি ব্যাংক এবং এস এম আমজাদ হোসেনের সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক। এ ছাড়া যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা ফরাসত আলীর এনআরবি কমার্শিয়াল ব্যাংক, ইকবাল আহমেদের এনআরবি ব্যাংক ও নিজাম চৌধুরীর এনআরবি গ্লোবাল ব্যাংক অনুমোদন পায়। নতুন ব্যাংকগুলোর মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও ফারমার্স ব্যাংকে অনিয়মের কারণে ইতিমধ্যে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া গত বছর বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) দেওয়া হয় সীমান্ত ব্যাংক। ফলে ১০ ব্যাংক অনুমোদন পায় এই সরকারের মেয়াদে। দেশে বর্তমানে ৫৭টি ব্যাংকের কার্যক্রম রয়েছে।