এখন পর্যন্ত ১০টি বাজেট উপস্থাপন করেছেন আবুল মাল আবদুল মুহিত
আরও দুটি বাজেট দিতে চান অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, অর্থমন্ত্রীর দায়িত্বে থেকে আরও দুটি বাজেট উপস্থাপন করবেন তিনি। সে দুটি হচ্ছে ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরের বাজেট।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও ইউনিসেফ আয়োজিত শিশুদের বাজেট পাঠ সহায়িকা শীর্ষক পুস্তিকা প্রকাশনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা জানান। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ বুধবার পুস্তিকাটির প্রকাশনা অনুষ্ঠান হয়।
অর্থমন্ত্রী বলেন, বইটি অনেক সহজ করে লেখা হয়েছে এবং অনেক শিশুই বুঝতে পারবে। অনুষ্ঠানে শিশুদের সঙ্গে অনেক মজা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘বইটি পড়ে তোমরা অনেকেই বাজেট বিশেষজ্ঞ হয়ে উঠবে। আমার প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে। তবে আমি বেশি দিন প্রতিদ্বন্দ্বিতা করব না তোমাদের সঙ্গে। কারণ, আমি আর সর্বোচ্চ দুটি বাজেট দিতে চাই।’
শিশুদের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘তোমরাই একদিন প্রধানমন্ত্রী হবে, অর্থমন্ত্রী হবে, সচিব হবে।’
বাজেট নিয়ে মতামত দিতে চাইলে কীভাবে সম্ভব হবে—এক শিশু জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘যুগ্ম সচিব থেকে সচিব ও মন্ত্রী পর্যন্ত যে কারও নামে পাঠিয়ে দিলেই আমরা পেয়ে যাব।’
নিজের প্রথম বাজেট ঘোষণার কথা স্মরণ করে অর্থমন্ত্রী বলেন, তখন বাজেট ঘোষণা হতো ১৫ থেকে ১৬ পৃষ্ঠার। তারও আগে ছিল সর্বোচ্চ ১০ পৃষ্ঠার। সময়ের বিবর্তনে এখন ১০০ পৃষ্ঠার বাজেট বক্তব্য দিতে হয়।
চলতি অর্থবছরের বাজেটসহ মোট ১০টি বাজেট উপস্থাপন করেন আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে আটটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকারের সময়ে। এ ছাড়া ৩৪ বছর আগে হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের সময় দুটি বাজেট (১৯৮২-৮৩, ১৯৮৩-৮৪) উপস্থাপন করেন অর্থমন্ত্রী।