আরও দেড় কোটি ডলার দেবে সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার-মৌচাক উড়ালসড়ক নির্মাণে আরও দেড় কোটি ডলার ঋণ দেবে সৌদি আরব। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২০ কোটি টাকা। সৌদি ফান্ড থেকে এ অর্থ পাবে বাংলাদেশ। এ উড়ালসড়ক নির্মাণ প্রকল্পে ৫ কোটি ৩৩ লাখ ডলার দিয়েছে সৌদি আরব। এখন আরও বাড়তি দেড় কোটি ডলার পাওয়া যাবে।
গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও সৌদি ফান্ডের মধ্যে এ অতিরিক্ত ঋণ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ইআরডিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও সৌদি ফান্ডের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ এম আলঘান্নাম চুক্তিতে সই করেন। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। এ সময় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরিসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, তেজগাঁও-পান্থপথ লিংক রোডে এফডিসি গেটের পরিবর্তে সোনারগাঁও হোটেল পর্যন্ত ৪৫০ মিটার নতুন উড়ালসড়ক নির্মাণ করা হবে। এ জন্য প্রকল্প ব্যয় বৃদ্ধি পাওয়ায় সৌদি আরবের বাড়তি ঋণের অর্থ খরচ হবে।
সৌদি আরবের এ ঋণের সুদের হার ২ শতাংশ। মোট ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে গ্রেস পিরিয়ড পাঁচ বছর।
অনুষ্ঠানে ইআরডিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, এ উড়ালসড়কটি রাজধানীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতিমধ্যে এ অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
সৌদি ফান্ডের উপব্যবস্থাপনা পরিচালক আহমেদ এম আলঘান্নাম বলেন, ভবিষ্যতে সৌদি ফান্ড থেকে বাংলাদেশ আরও অর্থ পাবে।