আরও পাঁচটি সরকারি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি খাতে আরও পাঁচটি নতুন বিদ্যুৎকেন্দ্র হচ্ছে। এগুলো ৭৫৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন।
সচিবালয়ে গতকাল বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।
চট্টগ্রামের জুলদা ও পটিয়ায় হবে ফার্নেস তেলভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্র। এর প্রতিটিই ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। ৩০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন একটি কেন্দ্র গড়ে তোলা হবে চট্টগ্রামের আনোয়ারায়। এটিও ফার্নেস তেলভিত্তিক। অন্য দুটির মধ্যে একটি রংপুরের গঙ্গাচড়া উপজেলায় হবে ৩০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র। বাকি বিদ্যুৎকেন্দ্রটি হবে ভোলায়। এটি ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন কম্বাইন্ড সাইকেল ডুয়েল-ফুয়েল বিদ্যুৎকেন্দ্র।
মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের আরও জানান, বৈঠকে মোট নয়টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাস্তবায়নাধীন ঢাকা পরিবেশবান্ধব টেকসই পানি সরবরাহ প্রকল্পের আওতায় ব্যবস্থাপনা, নকশা ও তদারক কাজের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজ পেয়েছে মট ম্যাগডোনাল্ড লিমিটেড। এতে ব্যয় হবে ১৫৫ কোটি ৩ লাখ টাকা।