আরও সাত কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল অ্যালায়েন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারকাজে সন্তোষজনক অগ্রগতি না থাকায় নতুন করে ছয় তৈরি পোশাক ও এক আসবাব কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। এতে করে জোটের অধীনে থাকা ব্যর্থ কারখানার সংখ্যা বা ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে এমন কারখানার সংখ্যা গিয়ে ১০৪-এ দাঁড়াল।
অ্যালায়েন্সের পক্ষ থেকে গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, ব্যর্থ সাত কারখানার মধ্যে পাঁচটি কারখানার বিরুদ্ধে শ্রমিকদের বেরোনোর ফটক তালাবদ্ধ রাখায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাগাদা দেওয়া সত্ত্বেও কারখানাগুলো এসব প্রতিবন্ধকতা অপসারণ করেনি।
কর্মপরিবেশ উন্নয়নে সংস্কারকাজে ব্যর্থ কারখানার তালিকায় যুক্ত হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে আশুলিয়ার উচো ফ্যাশন, টঙ্গীর স্টোফেটেক্সট ফ্যাশনস, ঢাকার সজীব ফ্যাশন ওয়্যার, গাজীপুরের ডানা সোয়েটার ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রামের লিজেন্ড টেক্সটাইল, বনলতা গার্মেন্টস ও ট্রেন্ডেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রি কোম্পানি। শেষের প্রতিষ্ঠানটি আসবাব তৈরি করে। আর বাকিগুলো তৈরি পোশাক ও বস্ত্র খাতের কারখানা।
ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও অ্যালায়েন্সের কান্ট্রি ডিরেক্টর জেমস এফ মরিয়ার্টি বিবৃতিতে বলেন, নিরাপত্তা নিশ্চিতে কোনো সদস্য কারখানা যদি অগ্রগতি দেখাতে না পারে কিংবা ইচ্ছাকৃতভাবে অগ্রগতি না করে তবে তাকে অ্যালায়েন্সের কমপ্লায়েন্ট কারখানার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তিনি বলেন, ‘অ্যালায়েন্সের অধীনে থাকা কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
২০১৪ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে গঠিত হয় অ্যালায়েন্স। এই জোটের সঙ্গে চুক্তিবদ্ধ আছে ওয়ালমার্ট, গ্যাপ, জেসিপেনি, টার্গেটসহ ২৯ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠান। তাদের সদস্য কারখানার সংখ্যা ৭৬৫।
তবে বর্তমানে চালু কারখানার সংখ্যা ৬৮৫।