
ঝুঁকিপূর্ণ কারখানাগুলো দ্রুত সরিয়ে নেওয়ার স্বার্থে এবারের বাজেটের আগে হঠাৎই ইস্পাতের তৈরি ভবনের (প্রি-ফ্যাব্রিকেটেড স্টিল বিল্ডিং) কাঁচামাল বিনা শুল্কে আমদানির দাবি তোলে তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। সরকারও তাদের দাবি মেনে নেয়। কিন্তু এখন কোনো পোশাকমালিকই ইস্পাতের ভবনে আগ্রহ দেখাচ্ছেন না। বরং তাঁরা এখন আরও সুবিধা চান।
বিজিএমইএ বলছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ঘোষিত শুল্ক সুবিধা দেওয়ার আগে ১৯ জন পোশাকমালিক ইস্পাতের কারখানা ভবন তৈরি করেছেন। কিন্তু সুবিধা পাওয়ার পর নতুন করে আর কেউ এমন কারখানা তৈরির উদ্যোগ নেননি।
কারণ হিসেবে পোশাকমালিকেরা বলছেন, ক্রেতা প্রতিষ্ঠানের শর্ত অনুযায়ী ইস্পাতের কারখানা ভবনে একধরনের অগ্নিনিরোধক রঙের প্রলেপ (ফায়ার প্রটেকশন কালার কোটিং) ব্যবহার করতে হয়। এটা খুবই ব্যয়বহুল। এতে ভবনের নির্মাণ ব্যয় ১৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। সে কারণে সরকারের কাছে এখন অগ্নিনিরোধক রং আমদানিতে শুল্কমুক্ত সুবিধা চাওয়ার চিন্তাভাবনা করছে বিজিএমইএ।
এ সমস্যার কথা আগে বলেননি কেন?—জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আগে আমাদের নজরে আসেনি। সম্প্রতি এসেছে।’
পোশাকমালিকদের শুল্কমুক্ত আমদানির সুযোগ দেওয়া হলেও ইস্পাতের ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো বলছে, তাঁদের প্রধান কাঁচামাল কালার কয়েল (শিটিং ম্যাটেরিয়াল) আমদানিতে সব মিলিয়ে ৬২ শতাংশ এবং এমএস প্লেট ও গ্যালভানাইজিং কয়েলসহ অন্যান্য কাঁচামাল আমদানিতে ৪০ শতাংশ শুল্ক দিতে হয়।
ইস্পাতের ভবন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘স্টিলের ভবন নির্মাণ শিল্পের স্বার্থেই আরোপিত বিদ্যমান শুল্ক কমানো উচিত। ভারতে প্রচুর পরিমাণে কালার কয়েল উৎপাদিত হয়। তার পরও সে দেশে এই কাঁচামাল আমদানিতে শুল্ক আছে ১৭ শতাংশ। তবে আমদানির পর এর ১৫ শতাংশই ফেরত দেওয়া হয়। অর্থাৎ শুল্ক মাত্র ২ শতাংশ। কিন্তু আমাদের দেশে এই কাঁচামাল উৎপাদিত হয় না। এটা উৎপাদিত হবে এই যুক্তিতে এত শুল্ক আরোপ করে রাখার কোনো মানে নেই।’
জানতে চাইলে এনবিআরের শুল্ক বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘প্রধান রপ্তানি আয় অর্জনকারী হিসেবে পোশাকশিল্পের প্রতি সরকারের এমনিতেই একধরনের সুদৃষ্টি আছে। সে কারণে তাদের সুবিধাও দেওয়া হয়। কিন্তু তারা যদি এ সুবিধা নিতে না-ই পারে, তাহলে চাইল কেন? আরও সুবিধা যদি তাদের লাগে, তাহলে বাজেটের আগে বলল না কেন?’
চলতি অর্থবছরের বাজেট সামনে রেখে সরকারের বিভিন্ন পর্যায়ে দেওয়া বিজিএমইএর প্রস্তাবমালার প্রথমটি ছিল ইস্পাতের ভবনের শুল্কশূন্য করা। যুক্তি দেখানো হয়, ঢাকা ও নারায়ণগঞ্জের জনবহুল এলাকায় অপরিকল্পিতভাবে পোশাক কারখানা গড়ে উঠেছে। সে কারণে অনেক ক্ষেত্রে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন করা সম্ভব হয়নি। এতে পরিবেশের ওপর ঝুঁকি বাড়ছে। বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা কারখানাগুলোকে একটি নির্দিষ্ট স্থানে স্থানান্তর করে একটি নিরাপদ ও কমপ্লায়েন্ট শিল্পপল্লি দ্রুত গড়ে তোলা প্রয়োজন।
বাজেট বক্তৃতায় এ সুবিধা দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতি রেখে উৎপাদন পরিবেশ তৈরিতে সহায়তা করতে রপ্তানিমুখী পোশাকশিল্পকে প্রি-ফেব্রিকেটেড ভবনের (ইস্পাতের ভবন) কাঁচামাল শর্তসাপেক্ষে শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ দেওয়ার প্রস্তাব করা হচ্ছে।
দেশে এখন তিন ধরনের ইস্পাতের ভবন তৈরি হচ্ছে। এগুলো হলো পুরোটাই ইস্পাতের তৈরি; অন্যটার ইট-সিমেন্টের ভিত্তি, কিন্তু ছাদ ইস্পাতের; আরেকটি হলো চারপাশে কাচ আচ্ছাদিত, ছাদ ইস্পাতের। ধসে পড়ার ঝুঁকি কম, কম টাকায় ও কম সময়ে তৈরি করতে পারা এবং প্রয়োজনে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করা—এসবই এ ভবনকে জনপ্রিয় করে তুলছে বলে মন্তব্য করেছেন ইস্পাতের ভবন প্রস্তুতকারকেরা।
জানা গেছে, পাকা ভবনের চেয়ে এক-চতুর্থাংশ কম সময়ে ইস্পাতের ভবন তৈরি করা যায়। ভার বহনের জন্য পাকা ভবনে ২০ ফুট পরপর পিলার দিতে হয়। ইস্পাতের ভবনে ১০০ ফুট পরপর দিলেও তা ভার বহনে সক্ষম। ফলে ভারী যন্ত্রপাতি বসানোর জন্য পর্যাপ্ত জায়গাও পাওয়া যায়। আবার ইস্পাতের একতলা ভবন তৈরি করতে কংক্রিটের ভবনের চেয়ে ২০ শতাংশ কম খরচ হয়। অবশ্য দুই বা তিনতলা ভবন তৈরি করলে উল্টো ৫ থেকে ১০ শতাংশ খরচ বেড়ে যায়। কারণ, তখন বেশি ইস্পাত প্রয়োজন হয়।
বিজিএমইএর শহিদুল্লাহ আজিম উদাহরণ দিয়ে বলেন, এক লাখ ৩০ হাজার বর্গফুটের একতলা ইস্পাতের ভবন তৈরি করলে খরচ লাগে দুই কোটি টাকা। এর মধ্যে ১৫ শতাংশ খরচ হয় অগ্নিনিরোধক কালার কোটিংয়ে।
তাহলে কেন ইস্পাতের ভবনে যাওয়ার কথা বলেছিলেন?—জানতে চাইলে বিজিএমইএর এই নেতা বলেন, এ ধরনের ভবন তৈরিতে সময় কম লাগে। ঝুঁকিপূর্ণ কারখানাগুলো ঢাকার বাইরে স্থানান্তর করতে এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কংক্রিটের ভবন তৈরিতে অনেক সময় লাগে। তাতে দীর্ঘদিন উৎপাদন বন্ধও থাকতে পারে। ফলে ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কাও থেকে যায়।
জানা গেছে, ইস্পাতের ভবন তৈরির কাঁচামাল আমদানিতে পোশাকমালিকদেরই ঋণপত্র (এলসি) খুলতে হবে। তবে ভবন নির্মাণে প্রয়োজনীয় কাঁচামালের পরিমাণ ও মান ঠিক আছে কি না ইস্পাতের ভবন প্রস্তুতকারকদের কাছ থেকে তা যাচাই করে নিতে হয়।
বাংলাদেশ স্টিল বিল্ডিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের সঙ্গে বেশ কয়েকজন পোশাকমালিক এ বিষয়ে যোগাযোগ করলেও শেষ পর্যন্ত কেউই আর এসব কাঁচামাল আমদানি করছেন বলে শুনিনি।’
প্রসঙ্গত, দেশে ১৯৮৫ সালে ইস্পাতের ভবন নির্মাণ শুরু হয়। প্রথম দিকে আমদানি করা ভবন দেশে ফিটিংস করা হতো। ২০০১ সাল থেকে দেশীয় উদ্যোক্তারাই ইস্পাতের ভবন তৈরি শুরু করেন। এখন দেশে তৈরি ইস্পাতের ভবন রপ্তানিও হচ্ছে। বর্তমানে এ খাতে দুই হাজার প্রকৌশলী আর দুই লাখ শ্রমিক কাজ করছেন। দেশে বছরে দুই হাজার কোটি টাকার ইস্পাতের ভবনের চাহিদা আছে। এর ৮০ থেকে ৯০ শতাংশই পূরণ করছেন দেশীয় উদ্যোক্তারা। বাকিটা আমদানি হচ্ছে।