আরও ১১টি পণ্যে পাটের মোড়ক বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে আরও ১১টি পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। পণ্যগুলো হচ্ছে মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনে, আলু, আটা, ময়দা, তুষ-খুদ-কুঁড়া।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩ সংশোধন করে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। গত শনিবার প্রজ্ঞাপনটি জারি করা হয়।

এর আগে ২০১৩ সালের ৩ জুন জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হয়। সব মিলিয়ে ১৭টি পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করা হলো।

শুরুর দিকে ছয় পণ্যে ২০ কেজি বা তার বেশি পরিমাণ পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহার করলেই চলত। তবে ২০১৫ সালের ডিসেম্বরে সেটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। তখন যেকোনো পরিমাণ ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগ ব্যবহারে কড়াকড়ি করা হয়।

জানা গেছে, নতুন করে ১১ পণ্যের মোড়কে পাটের ব্যবহার বাধ্যতামূলক করার প্রক্রিয়া বেশ আগে থেকেই চলছিল। তবে ভারত বাংলাদেশি পাট পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করায় দেশে চাহিদা বাড়াতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়।

বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের পরে একটি বৈঠকে পাট মন্ত্রণালয়কে প্রজ্ঞাপনটি দ্রুত জারির অনুরোধ জানায়।

পাটের মোড়ক ব্যবহারের এ সিদ্ধান্ত দেশে পাটের ব্যবহার বাড়াবে বলে মনে করছেন পাটকলের মালিকেরা। জানতে চাইলে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) চেয়ারম্যান আহমদ হোসেন সমিতির কার্যালয়ের মাধ্যমে দেওয়া বক্তব্যে বলেন, এটা সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত।