আরও ১২ পণ্যের মোড়কে পাটজাত পণ্য বাধ্যতামূলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করে ১২টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বর্তমানে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক আছে।
প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ শতভাগ বাস্তবায়ন করা হয়েছে। খুব তাড়াতাড়ি আরও ১২টি পণ্য মোড়কীকরণের ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।’ অবশ্য কোন পণ্যে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে পাট–বিষয়ক উপদেষ্টা কমিটির সভায় গতকাল মঙ্গলবার এসব কথা বলেন প্রতিমন্ত্রী মির্জা আজম। এতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান মাহমুদুল হাসান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল আনোয়ার ছাড়া স্বরাষ্ট্র, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, পরিকল্পনা কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং পাট–বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় পাটশিল্পের বন্ধকি ঋণ ফেরত দেওয়ার সময় ৫ বছর থেকে ১০ বছর করা, রপ্তানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ন্যায় পাটশিল্পের জন্য ২ শতাংশ সুদ হারে ৫ হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গতকাল মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।