আরও ১৩ কারখানার ত্রুটি সংশোধন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটির সদস্য আরও ১৩ কারখানা সংশোধন কর্মপরিকল্পনা (ক্যাপ) অনুযায়ী বৈদ্যুতিক, অগ্নি ও ভবনের কাঠামোগত ত্রুটি সংস্কার শেষ করেছে।
ক্যাপ সম্পন্ন করা কারখানাগুলো হচ্ছে এনভয় ফ্যাশন, এনভয় ডিজাইন, মান্তা অ্যাপারেলস, কর্ণফুলী সুজ ইন্ডাস্ট্রিজ (গার্মেন্টস), রিলায়েন্স ওয়াশিং ইন্ডাস্ট্রিজ, ক্যানভাস গার্মেন্ট (প্রাইভেট), লানো (বিডি), স্মার্ট জ্যাকেট (বিডি), সেহান স্পেশালাইজড টেক্সটাইল মিলস, পার্ল গার্মেন্ট কোম্পানি, ইস্টার্ন নিটওয়্যার, শিকদার প্রিন্টিং এবং লেনি ফ্যাশন (ইউনিট-২)। গত জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানাগুলো ক্যাপ সম্পন্ন করার স্বীকৃতি পেয়েছে।
অ্যালায়েন্স জানিয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত জোটের সদস্য ৬৩টি পোশাক কারখানার সব ধরনের ত্রুটি সংশোধন শেষ।
এদিকে নতুন করে ত্রুটি সংশোধন কাজে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২টি কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে অ্যালায়েন্স। এ নিয়ে মোট ১২৯ কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে ক্রেতাদের জোট তারা। ফলে অ্যালায়েন্সের সঙ্গে চুক্তিবদ্ধ ওয়ালমার্ট, গ্যাপ, জেসিপেনি, টার্গেটসহ ২৯ ব্র্যান্ড ও ক্রেতাপ্রতিষ্ঠানের পোশাক তৈরির ক্রয়াদেশ পাবে না কারখানাগুলো।