আরও ১৫ কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল অ্যালায়েন্স
ত্রুটি সংশোধনে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় গত ডিসেম্বরে নতুন করে পোশাক ও বস্ত্র খাতের ১৫টি কারখানার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। এতে করে এখন পর্যন্ত অ্যালায়েন্সের সম্পর্ক ছিন্ন করা কারখানার সংখ্যা দাঁড়াল ১১৭-তে।
এদিকে গত ডিসেম্বর ও চলতি মাসে জোটের সদস্য ছয়টি পোশাক কারখানা সব ধরনের ত্রুটি সংশোধন সম্পন্ন করেছে। এগুলো হচ্ছে অ্যারো জিনস, এলসিবি ইন্টারন্যাশনাল, স্মার্ট জিনস, দ্যাটস ইট, লেনি ফ্যাশন (ইউনিট-২) এবং শিকদার প্রিন্টিং। সব মিলিয়ে অ্যালায়েন্সের ৫০টি কারখানা সংশোধনী কর্মপরিকল্পনা (ক্যাপ) অনুযায়ী সংস্কারকাজ শেষ করে স্বীকৃতি পেয়েছে।
অ্যালায়েন্সের এ দেশীয় পরিচালক ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি গত মঙ্গলবার এক বিবৃতিতে যেসব কারখানা সংস্কারকাজ শেষ করছে তাদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘অ্যালায়েন্সের শর্ত মেনে কারখানাগুলো তাদের কর্মচারীদের জন্য নিরাপদ কর্মস্থল দেওয়ায় আমরা কারখানাগুলোর প্রশংসা করছি।’
নতুন করে যেসব কারখানার সঙ্গে অ্যালায়েন্স সম্পর্ক ছিন্ন করেছে সেগুলো হচ্ছে ওপেক্স রেডি ওয়্যার, ওপেক্স ডিজাইনার, এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি, এইচডিএফ টেক্সটাইল, হেসং সোয়েটার, লিং ওয়্যার লিমিটেড (বিল্ডিং-২), ফেয়ারি ফেব্রিক প্রিন্টিং, দেভা লিমিটেড, গোউস ফ্যাশন, অ্যাপোলো সুইং অ্যান্ড গার্মেন্টস, সান ওয়াশিং প্ল্যান্ট, রিতাজি অ্যাপারেলস, কোয়ালিটি ফ্যাশন ওয়্যার, ওয়ার্ম ফ্যাশন এবং ওফমা ক্যাম্প।