আরও ২০০ জাল নোট শনাক্তকারী যন্ত্র দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বিপণিবিতানগুলোর দোকানমালিকদের পর এবার দেশের অন্যান্য জায়গার ব্যবসায়ীদেরও জাল নোট শনাক্তকারী যন্ত্র সরবরাহ করবে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
এ জন্য বাংলাদেশ ব্যাংক গতকাল বৃহস্পতিবার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটিকে জাল নোট শনাক্তকারী ২০০টি যন্ত্র দিয়েছে। এফবিসিসিআইয়ের সদস্য সব জেলা চেম্বারের তত্ত্বাবধানে জেলা শহরের বিভিন্ন বিপণিবিতানে এসব যন্ত্র বিতরণ করা হবে।
রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল এক অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের হাতে এসব জাল নোট শনাক্তকারী যন্ত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, বাংলাদেশ ব্যাংকের জাল নোট শনাক্তকারী যন্ত্র সরবরাহের সিদ্ধান্তের ফলে বাজারে জাল টাকার সরবরাহ কমবে এবং জাল টাকা প্রতিরোধ সম্ভব হবে। তিনি বলেন, জাল নোট শনাক্তকারী যন্ত্র খুবই কম দামে বাজারে পাওয়া যাচ্ছে। যেকোনো ব্যবসায়ী ইচ্ছে করলে তাঁর প্রতিষ্ঠানে এটি সহজেই ব্যবহার করতে পারেন।
এর আগে ৩০ জুন এফবিসিসিআই ঢাকার বিভিন্ন বিপণিবিতানের নেতাদের কাছে ২০০ জাল নোট শনাক্তকারী যন্ত্র তুলে দেয়।