বাংলাদেশ ব্যাংক রিজার্ভের চুরি হওয়া অংশের আরও ৪ কোটি ৭০ লাখ ডলার (৩৭১ কোটি টাকা) উদ্ধারের আশা করছে। এসব অর্থ ফিলিপাইনের কয়েকটি ক্যাসিনো ও ফিলরেম থেকে জব্দ করা হয়েছিল, যা নিয়ে বর্তমানে ফিলিপাইনে মামলা চলছে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
রাজী হাসান জানান, সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে গত শুক্রবার ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ১ কোটি ৫২ লাখ ডলার গ্রহণ করেছেন। এ অর্থ ক্যাসিনো ব্যবসায়ী কিম অংয়ের কাছ থেকে আদায় করেছিল ফিলিপাইন সরকার। সোম অথবা মঙ্গলবার নিউইয়র্ক ফেডে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাবে এ অর্থ জমা হবে।
ডেপুটি গভর্নর রাজী হাসান বলেন, ‘এখন পর্যন্ত কয়েকটি ক্যাসিনোতে ৩ কোটি ডলারের কিছু বেশি জব্দ করা রয়েছে। এ ছাড়া ফিলরেমের কাছে জব্দ অবস্থায় রয়েছে ১ কোটি ৭০ লাখ ডলার। ফিলিপাইনে এ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা চলছে। মামলাগুলো শেষ হলে এগুলোও আমরা পেয়ে যাব।’
রিজার্ভ চুরির ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে রাজী হাসান বলেন, ‘এ মাসের শেষে একটি উচ্চপর্যায়ের দল ফিলিপাইনে যাচ্ছে। তারা সেখানে বিভিন্ন পর্যায়ে আলোচনা করবে। সেখান থেকেই আমরা বুঝতে পারব বাকি টাকাগুলো ফেরত পেতে কত দিন লাগবে। আমরা পুরো টাকা ফেরত পাওয়ার বিষয়ে আশাবাদী। ফিলিপাইন কর্তৃপক্ষ আমাদের এখন পর্যন্ত যে পরিমাণ সহযোগিতা করেছে এবং করছে তাতে মনে হয় না আমাদের মামলা করার প্রয়োজন পড়বে। তারপরও এ প্রতিনিধিদল ফেরত আসার পর আমরা বিষয়গুলো নিয়ে আরও চিন্তাভাবনা করব।’
চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের ১ কোটি ৫২ লাখ ডলার ফেরত পাওয়ায় বাকি থাকল আরও ৬ কোটি ৫৮ লাখ ডলার।