আরও ৫০০ কোটি টাকা ঋণ দেবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম লাইন অব ক্রেডিটে (এলওসি) ঋণের পরিমাণ বাড়িয়েছে ভারত। এখন বাড়তি প্রায় ৫০০ কোটি টাকা বা ৬ কোটি ২০ লাখ ডলার পাওয়া যাবে। মূলত খুলনা থেকে মংলা এবং কুলাউড়া থেকে শাহবাজপুর রেলপথ নির্মাণে খরচ বেড়ে যাওয়ায় ঋণের পরিমাণ বাড়াতে হয়েছে।
গতকাল বুধবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
২০১০ সালের জানুয়ারি মাসে ১০০ কোটি ডলারের প্রথম ঋণচুক্তি হয়। পরে এ অর্থের ২০ কোটি ডলার অনুদান হিসেবে ঘোষণা দেয় ভারত। বাকি ৮০ কোটি ডলার ঋণ হিসেবে দেওয়া হয়। ভারতের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক বা এক্সিম ব্যাংক এ ঋণ দিয়েছে। শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং এক্সিম ব্যাংক বাড়তি অর্থের বিষয়ে চুক্তিসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা নেবে। উল্লেখ্য, প্রথম এলওসির অর্থ দিয়ে রেল, সড়ক, অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তবে কেনাকাটার শর্তের কারণে কাঙ্ক্ষিত কয়েকটি প্রকল্প বাদ দিতে হয়েছে।
এদিকে গত জুন মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে দ্বিতীয় এলওসির বিষয়ে সমঝোতা চুক্তি হয়। দ্বিতীয় এলওসির পরিমাণ ২০০ কোটি ডলার। এ ঋণও এক্সিম ব্যাংক দেবে। এ অর্থ দিয়ে প্রাথমিকভাবে ১৩টি প্রকল্প বাস্তবায়নের তালিকা করেছে বাংলাদেশ। এখন এ ঋণের শর্তসহ অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের মধ্যে দর-কষাকষি চলছে। ইতিমধ্যে ভারতীয় পক্ষ থেকে ঋণচুক্তির খসড়া পাঠানো হয়েছে। শিগগিরই এক্সিম ব্যাংকের সঙ্গে ইআরডির ঋণচুক্তি হবে বলে জানা গেছে।