আরগন ডেনিমসের আইপিও অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেল বস্ত্র খাতের আরেক কোম্পানি আরগন ডেনিমস। এটি বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরীর মালিকানাধীন প্রতিষ্ঠান। আইপিও প্রক্রিয়া শেষে কোম্পানিটি বাজারে তালিকাভুক্ত হবে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নিয়মিত সভায় কোম্পানিটির আইপিওর আবেদন অনুমোদন করা হয়। একই সভায় বাংলালায়ন কমিউনিকেশনসের রূপান্তরযোগ্য জিরো কুপন বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়, যার মেয়াদ হবে তিন থেকে সাত বছর। এর ফলে প্রতিষ্ঠানটি ১৩০ কোটি টাকার বন্ড ছাড়বে, যার ১০ শতাংশ বা ১৩ কোটি টাকার বন্ড পরবর্তী সময়ে শেয়ারে রূপান্তর হবে। সভা শেষে গতকাল এসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বর্তমানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বস্ত্র খাতের ২৫টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। সেগুলোর সঙ্গে নতুন করে যুক্ত হবে আরগন ডেনিমস। এসইসি জানিয়েছে, ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৩৪ টাকা অধিমূল্য (প্রিমিয়াম) যোগ করে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা। নির্ধারিত দামে কোম্পানিটি তিন কোটি শেয়ার বাজারে ছেড়ে প্রায় ১৩২ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। আইপিওর অর্থ সংগ্রহের পর তা বেড়ে দাঁড়াবে ৬০ কোটি টাকায়। বস্ত্র খাতের নতুন এই কোম্পানিটির শেয়ারের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস। এসইসি জানিয়েছে, ২০১১ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে পাঁচ টাকা ৪৬ পয়সা। আর প্রকৃত সম্পদমূল্য বা এনএভি দেখানো হয়েছে ২০ টাকা ৭১ পয়সা। এসইসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলালায়ন কোম্পানিটি তাদের বর্তমান শেয়ারধারীদের পাশাপাশি শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রি করবে। এর প্রতিটি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। বন্ডের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইডিএফসি)।