আরগন ডেনিমসের আইপিওর লটারির ড্র অনুষ্ঠিত
আরগন ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ ড্র অনুষ্ঠিত হয়। লটারির ফলাফল এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।আরগন ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সার্বিক তত্ত্বাবধানে এই ড্র অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক লঙ্কা-বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডে ও ইস্যু-পরবর্তী ইস্যু ব্যবস্থাপক স্যাটকম লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আরগন ডেনিমস লিমিটেডকে তিন কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ১০৫ কোটি টাকা ওঠানোর অনুমোদন দেয় এসইসি। এক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ৩৫ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া প্রতি ২০০টি শেয়ারে একটি মার্কেট লট নির্ধারণ করা হয়।আরগন ডেনিমসের আইপিওতে ৩০ কোটি টাকার বিপরীতে মোট ১৮৭ কোটি ৩৮ লাখ টাকার আবেদন জমা পড়ে। স্থানীয় বিনিয়োগকারীদের কাছ থেকে গত ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়। আর অনাবাসী বাংলাদেশিদের (এনআরবি) কাছ থেকে আবেদন জমা নেয়া হয় ১১ ডিসেম্বর পর্যন্ত।সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২০.৭১ টাকা এবং শেয়ারপ্রতি আয় ৫.৪৬ টাকা।