আরগন ডেনিমসের বিরুদ্ধে আইপিওর অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ
আরগন ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির নিরীক্ষক প্রতিবেদনে এই অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘কোম্পানির নিরীক্ষক ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত নিরীক্ষা প্রতিবেদনে নিম্নোক্ত “এমফাসিস অব ম্যাটার” অনুচ্ছেদ প্রদান করেছেন। উপরোক্ত বিষয়ে আমাদের মতামত সীমিত না করে, আমরা আর্থিক প্রতিবেদনের নোট নং ৩৬.১ (এ, বি, সি ও ডি)-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যেখানে কর্তৃপক্ষের ব্যাখ্যা পরিস্থিতিভিত্তিক হলেও ভবিষ্যতে উদ্ভূত পরিস্থিতি এড়ানোর জন্য সংশোধনমূলক কার্যক্রম নেওয়ার প্রয়োজন অনুভূত হতে পারে।’
নিরীক্ষক প্রতিবেদনে আইপিও তহবিল ব্যবহারের ওপর দেওয়া নোটে বলা হয় (এ) প্রসপেক্টাসে অনুল্লিখিত আইপিও তহবিল থেকে স্বল্পমেয়াদি ঋণ অতিরিক্ত সমন্বয়ের বিষয়টি আমরা লক্ষ করেছি। (বি) আইপিও-সংক্রান্ত অতিরিক্ত খরচ পরিশোধের বিষয়টিও আমরা লক্ষ করেছি। (সি) ব্রিজ ফাইন্যান্স ও স্বল্পমেয়াদি ঋণের বিপরীতে আইপিও তহবিল থেকে দায় সমন্বয়ের বিষয়টি প্রসপেক্টাসে উল্লেখ করা হয়নি। (ডি) আমরা আরও লক্ষ করেছি যে, প্রকল্প সম্প্রসারণের লক্ষ্যে নির্মাণসামগ্রী কেনার বিপরীতে বিভিন্ন সরবরাহকারী ও ঠিকাদারকে চেকের পরিবর্তে আইপিও তহবিল থেকে নগদ পরিশোধ করা হয়েছে।
গত বছরের ১৯ ফেব্রুয়ারি আরগন ডেনিমস দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ।