আরপিওর মাধ্যমে ৯০ কোটি টাকা সংগ্রহ করবে ডেল্টা স্পিনার্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা স্পিনার্স আবারও গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৯০ কোটি টাকা সংগ্রহ করবে। আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদে এ তথ্য প্রকাশ করা হয়।প্রকাশিত সংবাদে আরও বলা হয়, প্রতিষ্ঠানটি বাজারে ৩০ লাখ শেয়ার ছেড়ে ওই টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম নেওয়া হবে ৩০০ টাকা, যার মধ্যে ২০০ টাকা প্রিমিয়াম থাকবে।পুনঃ গণপ্রস্তাবের মাধ্যমে উত্তোলিত টাকা প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ডেল্টা সিরামিকস লিমিটেড নামে একটি কোম্পানি স্থাপনে ৫৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয় করা হবে, ১৭ কোটি ২০ লাখ টাকা বর্তমান টেক্সটাইল স্পিনিং কারখানা সংস্কারে এবং বাকি ১৮ কোটি ৫০ লাখ টাকা আরপিওর খরচ ও ঋণ পরিশোধ করা হবে। এ-সংক্রান্ত বিশেষ সাধারণ সভা আগামী ১৪ জুলাই বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠানটির কারখানা প্রাঙ্গণ, কলতাপাড়া, গৌরিপুর, ময়মনসিংহে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ৪ জুলাই। বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য এসইসিতে পাঠানো হবে।