আরবিআইর ২৩তম গভর্নর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরবিআইর নতুন গভর্নর রঘুরাম রাজন ও সদ্যবিদায়ী গভর্নর দুভভেরি সুব্বারাও ষ ছবি: এএফপি
আরবিআইর নতুন গভর্নর রঘুরাম রাজন ও সদ্যবিদায়ী গভর্নর দুভভেরি সুব্বারাও ষ ছবি: এএফপি

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) ২৩তম গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন রঘুরাম রাজন। এর আগ পর্যন্ত তিনি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজন গতকাল মুম্বাইতে আরবিআইর প্রধান কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। তিনি এমন এক সময়ে এই দায়িত্ব নিলেন যখন ভারতীয় মুদ্রা রুপি ব্যাপকভাবে মূল্য খুইয়েছে, দেশটির চলতি হিসাবের ভারসাম্যে বিরাট ঘাটতি দেখা দিয়েছে এবং প্রবৃদ্ধির হার নিম্নমুখী হয়ে পড়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান অর্থনীতিবিদ রাজন শিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলেও অধ্যাপনা করেছেন। ২০০৮ সালের বিশ্ব অর্থনীতির সংকটের পূর্বাভাস যে গুটিকয়েক অর্থনীতিবিদ দিতে পেরেছিলেন, রাজন তাঁদের মধ্যে অন্যতম।
৫০ বছর বয়সী রাজন তাঁর পূর্বসূরি ডি সুব্বারাওয়ের স্থলাভিষিক্ত হলেন। পাঁচ বছর দায়িত্ব পালন শেষে সুব্বারাও গতকাল আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। এ সময় তিনি বলেন, ‘অর্থনীতির একটি কঠিন সময়ে আরবিআইয়ে যোগ্য নেতৃত্বই এসেছেন।’
এদিকে গতকালই আরবিআই ভারতীয় প্রতিষ্ঠানের বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে গত মাসে আরোপিত কড়াকড়ি খানিকটা শিথিল করেছে। এর ফলে এসব প্রতিষ্ঠান এখন তাদের প্রকৃত সম্পদের (নেট ওরথ) ৪০০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারবে। গত ১৪ আগস্ট আরবিআই এক নির্দেশনায় এই সীমা ১০০ শতাংশে নামিয়ে এনেছিল।
দিন শেষে গতকাল প্রতি মার্কিন ডলার ৬৬ দশমিক ৯৭ রুপিতে নেমে এসেছে; যা দিনের প্রথম ভাগে ছিল প্রতি ডলার ৬৮ দশমিক ২৫ রুপি। সূত্র: বিজনেস লাইন।