আরসিসির কাজই শুরু হয়নি
লোকবলের অভাবে গত পাঁচ মাসেও রেমিডিয়েশন কো-অর্ডিনেশন বা সংস্কারকাজ সমন্বয় সেলের (আরসিসি) কার্যক্রম শুরু হয়নি। ফলে জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার অধীনে (এনটিএপি) থাকা তৈরি পোশাক কারখানার সংস্কারকাজে তেমন কোনো অগ্রগতি হচ্ছে না।
এদিকে পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্সের চলতি মেয়াদ শেষে আরসিসির কাছেই দায়িত্ব হস্তান্তর করবে। তবে আরসিসি সময়মতো কার্যক্রম শুরু ও সক্ষমতা অর্জন করতে না পারলে জটিলতা সৃষ্টি হবে এবং ক্রেতাদের দুই জোট নতুন করে সময় বাড়ানোর অজুহাত পাবে বলে মনে করছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা।
জানা যায়, কানাডা, নেদারল্যান্ডস ও ইউকেএআইডির অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রকল্পের অধীনে গত ১৪ মে আরসিসির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এনটিএপির অধীনে পরিচালিত আরসিসিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই), ফায়ার সার্ভিস, রাজউক, গণপূর্ত অধিদপ্তর, বৈদ্যুতিক উপদেষ্টা ও প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি থাকবেন। প্রাথমিকভাবে সংস্কারকাজ নিরীক্ষণে তাঁদের প্রযুক্তিগত সহায়তা দেবেন বেসরকারি খাতের প্রকৌশলীরা। আরসিসির মূল কাজ হচ্ছে এনটিএপির অধীনে থাকা কারখানার সংশোধন কর্মপরিকল্পনা (ক্যাপ) ও ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) বাস্তবায়িত হচ্ছে কি না। কার্যক্রম পরিচালনার জন্য কারওয়ান বাজারে ভবন ভাড়া নেওয়া হয়েছে। তবে কার্যক্রম শুরু হয়নি।
জানতে চাইলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি) মো. সামছুজ্জামান ভূঁইয়া গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, আরসিসি চালানোর জন্য আইএলও ৪৭ জন প্রকৌশলী নিয়োগ দেবে। প্রক্রিয়াটি শেষ না হওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না।
এনটিএপির অধীনে প্রাথমিক পরিদর্শনের পর ১ হাজার ৫৪৯টি পোশাক কারখানার ঝুঁকিভেদে ছয়টি ক্যাটাগরি করে ডিআইএফই। কমবেশি সব কারখানাতেই নিরাপত্তাঝুঁকি আছে। তবে ৪৯৪ কারখানা বন্ধ হয়ে গেছে। ৩৫টি স্থানান্তরিত হবে। এ ছাড়া ৮৮টি অ্যাকর্ডের তত্ত্বাবধানে চলে গেছে। ইপিজেডের ভেতরে আছে ১৩টি কারখানা। ফলে ৯১৭টি কারখানা নিয়ে বর্তমানে কাজ করছে অধিদপ্তর।
ডিআইএফইর একাধিক কর্মকর্তা জানান, এনটিএপির অধীনে থাকা কারখানাগুলোর সংস্কারকাজ ২০-২৫ শতাংশের বেশি হয়নি। ১৫৯টি কারখানার ডিইএ করতে হবে। তবে গতকাল পর্যন্ত মাত্র ৩০টি কারখানা ডিইএ প্রস্তুত করে জমা দিয়েছে। অন্যদিকে মাত্র চার-পাঁচটি কারখানার ক্যাপ অনুমোদন করা হয়েছে।
এ বিষয়ে সামছুজ্জামান ভূঁইয়া বলেন, ‘আরসিসি না হলেও নিজস্ব লোকবল দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে অনেক কারখানা-মালিকের টনক নড়েনি, তাই সংস্কারকাজে ধীরগতি। সংস্কারকাজ শেষ করতে আমরা আগামী এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। তারপরও যারা ব্যর্থ হবে, তাদের ইউডি বন্ধ, লাইসেন্স স্থগিত ও পরে বাতিল এবং সবশেষে কারখানা বন্ধ করে দেব।’
গত সপ্তাহে ঢাকায় অ্যাকর্ডের সময় বাড়ানো নিয়ে জোটের স্টিয়ারিং কমিটির পাঁচ সদস্যের সঙ্গে সরকার ও বিজিএমইএর বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয়, আরসিসির কাছে দায়িত্ব হস্তান্তর করবে অ্যাকর্ড। তবে আরসিসি কতটুকু প্রস্তুত, সেটি তদারক করবে পাঁচ সদস্যের তদারক কমিটি। অন্যথায় অ্যাকর্ডের মেয়াদ ছয় মাস করে বাড়বে। অন্যদিকে আরেক জোট অ্যালায়েন্স আগেই ঘোষণা দিয়েছে, আরসিসির কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে কার্যক্রম গোটাবে তারা।
নাম প্রকাশ না করার শর্তে বিজিএমইএর একজন নেতা বলেন, এনটিএপির অধীনে থাকা পোশাক কারখানার সংস্কারকাজের অগ্রগতি দেখাতে হলে আরসিসির কার্যক্রম শিগগিরই শুরু করতে হবে। না হলে আরসিসি যে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের দায়িত্ব নিতে প্রস্তুত হয়েছে, সেটি প্রমাণ করা সম্ভব নয়। তখন অ্যাকর্ড-অ্যালায়েন্স নতুন করে সময় বাড়ানোর কৌশল পেতে পারে।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান গতকাল কম্বোডিয়া থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জানুয়ারিতে আরসিসির কাজ শুরু হবে। ফলে কোনো সমস্যা হবে না। কারখানার সংস্কারকাজে ধীরগতির বিষয়ে তিনি বলেন, সংস্কারকাজ না করলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাই যাঁরা ব্যবসা করবেন, তাঁরা নিজেদের দায়িত্বেই সংস্কারকাজ করবেন। দুশ্চিন্তার কিছু নেই।
এ বিষয়ে সামছুজ্জামান ভূঁইয়া বলেন, আরসিসির মাধ্যমে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের দায়িত্ব বুঝে নিতে কোনো সমস্যা হবে না। কারণ, তাদের সদস্য কারখানার সংস্কারকাজ প্রায় শেষ পর্যায়ে। দুই জোটের সদস্য কারখানাগুলো তদারকের জন্য আরসিসির সক্ষমতা অর্জনের বিষয়ে তিনি বলেন, কোন ধরনের সক্ষমতা লাগবে, সেটি এখনো পরিষ্কার হওয়া যায়নি।