আরাফাত সিকিউরিটিজের কার্যক্রম এক মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে শাখা কার্যালয় খুলে শেয়ার লেনদেন করার অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস আরাফাত সিকিউরিটিজের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে কেন এ ধরনের ঘটনা ঘটানো হলো তার ব্যাখ্যা জানতে শুনানিতে তলব করা হয়েছে ব্রোকারেজ হাউসটির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহকে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গতকাল রোববার এ সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, আজ সোমবার মোহাম্মদ আবদুল্লাহ শুনানিতে অংশ নিতে পারেন। এসইসি সূত্র বলছে, সম্প্রতি তাদের কাছে অভিযোগ আসে, আরাফাত সিকিউরিটিজ নওগাঁ জেলা শহরে শাখা কার্যালয় খোলার মাধ্যমে শেয়ার লেনদেন কার্যক্রম পরিচালনা করছে। এই অভিযোগের ভিত্তিতে এসইসি বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত দল নওগাঁয় পাঠায়। সেখানে গিয়ে তদন্ত দল অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়। দলটি জানতে পারে, শাহজালাল ব্যাংকের স্থানীয় শাখায় আবুল কালাম নামে এক ব্যক্তির ব্যাংক হিসাবে গ্রাহকদের টাকা জমা নিয়ে শেয়ার লেনদেন কার্যক্রম চালানো হচ্ছে। ওই ব্যাংক হিসাবে কোনো কোনো গ্রাহকের কোটি টাকার ওপরে জমা রয়েছে বলে তদন্তে জানা গেছে। এসইসি বলছে, কোনো ব্রোকারেজ হাউস শাখা খুলতে চাইলে নিয়মানুযায়ী স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এসইসির অনুমোদন নিতে হয়। কিন্তু আরাফাত সিকিউরিটিজের নওগাঁয় শাখা কার্যক্রম পরিচালনার কোনো অনুমোদন ছিল না। প্রতিষ্ঠানটি এ ধরনের অনুমোদনহীন কার্যক্রম পরিচালনার মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করেছে। এতে সাধারণ গ্রাহকদের আর্থিক ক্ষতির মুখে পড়ার যথেষ্ট আশঙ্কা ছিল। তাই এ ধরনের প্রতারণামূলক কাজ বন্ধ করতেই ব্রোকারেজ হাউসটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।এসইসি সূত্র আরও জানিয়েছে, এ কাজের সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে গ্রাহকদের কাছ থেকে জমা নেওয়া টাকা আত্মসাৎ করার সুযোগ না পায়, সে জন্য সংশ্লিষ্ট ব্যাংক হিসাবটি জব্দ করতে বাংলাদেশ ব্যাংককে অনুরোধ জানানো হয়েছে। এসইসি সূত্র জানায়, পুঁজিবাজারের নিয়ম ভঙ্গ ও কারসাজি আরাফাত সিকিউরিটিজের অভ্যাসে পরিণত হয়েছে। গত মাসে শর্ট সেল (শেয়ার না থাকার পরও বিক্রি) করার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এর আগে গত জানুয়ারি মাসে কারসাজির মাধ্যমে তালিকাভুক্ত একটি কোম্পানির শেয়ারের মূল্য কৃত্রিমভাবে বাড়ানো ও বিধিবহির্ভূত লেনদেনের অভিযোগে ব্রোকারেজ হাউসটিকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার দায়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ একজন অনুমোদিত প্রতিনিধিকে আরও ১০ লাখ ও এক লাখ টাকা জরিমানা করা হয়, যার একটি বড় অংশই তাঁদের পরিশোধ করতে হয়েছে।একই অভিযোগে প্রতিষ্ঠানটির লেনদেন কার্যক্রম এর আগে এক মাসের জন্য বন্ধও করা হয়েছিল। পরে অবশ্য গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে লেনদেন চালুর অনুমোদন দেয় এসইসি। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানার জন্য মোহাম্মদ আবদুল্লাহর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি টেলিফোন ধরেননি।