আরেক দফা কমল মেয়াদি আমানতের সুদ
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো তাদের মেয়াদি আমানতের সুদের হার আরেক দফা কমিয়েছে। ব্যাংকগুলো আলাদা আলাদা পরিপত্র জারি করে জানিয়েছে, বিভিন্ন ধরনের মেয়াদি আমানতের সুদের হার শূন্য দশমিক ৫০ শতাংশ (১০০ টাকায় ৫০ পয়সা) কমিয়েছে। কাল সোমবার থেকে নতুন এ সুদহার কার্যকর হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ২০ মে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান নির্বাহী বা ব্যবস্থাপনা পরিচালকদের এক সভায় আমানতের সুদহার কমানোর সিদ্ধান্ত হয়। এরপরেই ব্যাংকগুলো আলাদা আলাদাভাবে এ বিষয়ে পরিপত্র জারি করেছে।
ব্যাংকভেদে আমানতের নতুন সুদহার নেমে এসেছে সর্বনিম্ন সোয়া সাত থেকে সাড়ে সাত শতাংশে। রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ও বেসিক ব্যাংক নতুন এই সুদহার কার্যকরের উদ্যোগ নিয়েছে।
এর আগে গত মার্চে রাষ্ট্রীয় ব্যাংকগুলো আমানতের সুদহার বর্তমানের সমপরিমাণ (দশমিক ৫০ শতাংশ) কমিয়ে ব্যাংকভেদে সর্বনিম্ন পৌনে ৮ থেকে ৮ শতাংশে নামিয়ে এনেছিল। এর দুই মাসের মাথায় এসে তা আরও একদফা কমানো হলো।