আরেক দফা দরপতন, লেনদেনও কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার দেশের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক এদিন প্রায় ৩০ পয়েন্ট বা পৌনে ১ শতাংশ কমেছে। সেই সঙ্গে লেনদেন কমে নেমে এসেছে প্রায় ১০৬ কোটি টাকায়, আগের দিনের চেয়ে যা ৪৬ কোটি টাকা কম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন আগের কার্যদিবসের চেয়ে আড়াই কোটি টাকা কমে দিন শেষে দাঁড়িয়েছে প্রায় ১৪ কোটি টাকায়। কমেছে সেখানকার সার্বিক সূচকও।এদিকে, সাম্প্রতিক সময়ে লেনদেন আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় উদ্বিগ্ন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, শেয়ারের দরপতনের চেয়ে লেনদেন কমে যাওয়া এখন অনেক বেশি দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, লেনদেনের এই অবস্থা অব্যাহত থাকলে বাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। লেনদেন কমে যাওয়ার কারণ খুঁজছে ডিএসই কর্তৃপক্ষও। এ জন্য সংস্থাটির পরিচালনা পর্ষদ ধারাবাহিকভাবে বাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছে। এরই ধারাবাহিকতায় গতকালও স্টক ডিলারদের নিয়ে বৈঠক করেছে ডিএসইর পরিচালনা পর্ষদ। এতে স্টক ডিলারদের বাজারে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, রোববার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাত। এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৬ শতাংশ। এনভয় টেক্সটাইল, আরএন স্পিনিং ও জেনারেশন নেক্সট কোম্পানি তিনটি এ খাতের লেনদেন বৃদ্ধিতে সহায়তা করেছে। পুরো খাতের ১৬ শতাংশ লেনদেনের মধ্যে কোম্পানি তিনটিরই লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৯ শতাংশ।বস্ত্র খাতের পর গতকাল ঢাকার বাজারে লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল ব্যাংকিং খাত। ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১৫ শতাংশ ছিল এ খাতের। গত বৃহস্পতিবার শেষ কার্যদিবসে লেনদেনে শীর্ষে ছিল ব্যাংকিং খাত। খাতভিত্তিক লেনদেনের বাইরে একক কোম্পানি হিসেবে রোববারও শীর্ষস্থানটি ধরে রেখেছে ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ার। এদিন কোম্পানির প্রায় আট কোটি টাকার লেনদেন হয়, যা বাজারে মোট লেনদেনের প্রায় ৮ শতাংশ।