আরেক দফা বাড়ল পেঁয়াজের দাম

সরকারের পক্ষ থেকে আমদানির ঘোষণা দেওয়ার পরও রাজধানীর বাজারগুলোতে আজ রোববার আরেক দফা দাম বেড়েছে পেঁয়াজের। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
টিসিবি সূত্রে জানা যায়, আজ রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭০ থেকে ৭২ এবং আমদানি করা পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হয়। গতকাল প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ৬৫ থেকে ৭০ এবং আমদানি করা পেঁয়াজের দাম ৭০ থেকে ৭২ টাকা ছিল। এই হিসাবে এক দিনেই মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম পাঁচ থেকে সাত টাকা বেড়েছে।
টিসিবি সূত্রে আরও জানা যায়, এক সপ্তাহ আগে বাজারে দেশি পেঁয়াজের দাম ছিল ৪৮ থেকে ৫২ টাকা। আর আমদানি করা পেঁয়াজের দাম ছিল ৪৪ থেকে ৪৫ টাকা।
এ বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়ী মোহাম্মাদ আলী প্রথম আলো ডটকমকে বলেন, বাজারে পেঁয়াজের সরবরাহ কম, তাই দামও বেশি। তিনি জানান, আজ প্রতি কেজি দেশি পেঁয়াজ ৭২ আর আমদানি করা পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি করছেন। তিনি আরও জানান, তিনি ফরিদপুর থেকে পেঁয়াজ কেনেন। আজ সেখান থেকেই ৭০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছেন। তাই আগামীকাল আরও বেশি দরে তাঁকে পেঁয়াজ বিক্রি করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে টিসিবির তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রথম আলো ডটকমকে বলেন, পেঁয়াজের দাম বাড়ার কারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নিয়ে আজ বেলা সাড়ে তিনটায় বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত এখনো জানা যায়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত, অব্যাহতভাবে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণে গতকাল ছুটির দিনে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বৈঠকে পেঁয়াজের দাম বাড়ার কারণ হিসেবে আমদানি কমে যাওয়াকে চিহ্নিত করা হয়। আর তাই পেঁয়াজের আমদানি স্বাভাবিক রাখতে টিসিবির মাধ্যমে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।