আরেকটা সংযত মুদ্রানীতি ঘোষণা
আরও ছয় মাসের জন্য সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল বুধবার এ বছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য এই মুদ্রানীতি ঘোষণা করেন।গভর্নর বলেন, ২০১১-এর মাঝামাঝি থেকেই দেশে গড় বার্ষিক মূল্যস্ফীতি অস্বস্তিকর দুই অঙ্কের ঘরে গিয়ে দাঁড়ায়, যা প্রলম্বিত হলে নিম্নবিত্ত জনসাধারণের দুর্ভোগের পাশাপাশি প্রবৃদ্ধির জন্যও হুমকি হতো। তিনি বলেন, ‘তাই বিগত অর্থবছর থেকেই আমাদের মুদ্রানীতি মূল্যস্ফীতি নামিয়ে আনার বিষয়ে বিশেষ সক্রিয় থেকেছে, যার সুফল প্রাপ্তির সূচনা এরই মধ্যে ঘটেছে। এই সাফল্যের ধারা অক্ষুণ্ন রাখার জন্য বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতিতে সংযত অবস্থান গত বছরের মতো এবারও ধরে রাখবে।’এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করে। এ সময় বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ পরামর্শক আল্লাহ মালিক কাজেমী, ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী এবং অর্থনৈতিক উপদেষ্টা হাসান জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।নতুন মুদ্রানীতিতে আগামী ছয় মাসে রিজার্ভ মুদ্রার বৃদ্ধি সাড়ে ১৪ শতাংশ এবং ব্যাপক মুদ্রার তথা মুদ্রা সরবরাহের বৃদ্ধি ১৬ শতাংশ ধরেছে কেন্দ্রীয় ব্যাংক। বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির হার ধরা হয়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ। অন্যদিকে চলতি ২০১২-১৩ অর্থবছর শেষে অর্থাৎ আগামী জুনে রিজার্ভ মুদ্রার প্রবৃদ্ধি ঠিক করা হয়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ, ব্যাপক মুদ্রা বাড়বে সাড়ে ১৬ শতাংশ এবং বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির হার হবে ১৮ শতাংশ। জাতীয় বাজেটে প্রাক্কলিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে অর্থপ্রবাহের এই হার পর্যাপ্ত হবে বলে মনে করে কেন্দ্রীয় ব্যাংক। তবে সরকারের সরাসরি ঋণ ও সরকারি খাতের ঋণ নেওয়ার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আলাদাভাবে দেখানো হয়নি। যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, অনেকটা গতানুগতিকই হয়েছে নতুন মুদ্রানীতি। তিনি বলেন, ‘বরং মুদ্রানীতি আরেকটু বেসরকারি খাতবান্ধব হতে পারত বলে আমি মনে করি। এতে মানুষের কর্মসংস্থান বেড়ে মানুষের ক্রয়ক্ষমতা বাড়ত।’ একই সঙ্গে তিনি মুদ্রানীতিতে পুঁজিবাজারের প্রসঙ্গটি একেবারেই এড়িয়ে যাওয়াকে সঠিক নয় বলে মত দেন।মুদ্রানীতি ঘোষণায় আতিউর রহমান বলেন, ‘গত অর্থবছরে গৃহীত আমাদের পদক্ষেপগুলো ফলদায়ক ছিল। প্রাথমিক প্রাক্কলনে শতকরা ৬ দশমিক ৩ ভাগ প্রবৃদ্ধি এসেছে আমাদের অর্থনীতিতে। অন্যদিকে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দুই অঙ্ক থেকে অপেক্ষাকৃত স্বস্তিকর এক অঙ্কের মাত্রায় নেমেছে।’ ২০১১-এর জুনে এই হার ছিল শতকরা ১০ দশমিক ১৭ ভাগ। ২০১২-এর জুনে তা শতকরা ৮ দশমিক ৫৬ ভাগে নেমেছে।তবে গড় মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা এখনো দুই অঙ্কের ঘরে রয়েছে। বাজেটে চলতি অর্থবছর মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে। গভর্নর বলেন, এটা মুদ্রানীতির প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবিলায় চাহিদা প্রবৃদ্ধির পরিমিতির পাশাপাশি জোগান প্রসারের দিকেও আমাদের মুদ্রানীতি সমর্থন দিয়ে এসেছে। এ জন্য বেসরকারি খাতে ঋণ জোগানে অনুৎপাদনশীল কর্মকাণ্ডে বিনিয়োগ নিরুৎসাহিত করার ধারা অব্যাহত থাকবে।’ তবে কৃষি এবং উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে পর্যাপ্ত ঋণ জোগানের বিষয়ে মুদ্রা ও ঋণনীতি আগের মতোই সক্রিয় থাকবে।ব্যাংকের মুনাফা: গভর্নর বলেন, মুদ্রানীতি কার্যক্রম অনুযায়ী আর্থিক খাত সংহতকরণের প্রয়োজনে নতুন ঋণবিন্যাস এবং প্রভিশনিং নীতিমালা প্রবর্তিত হয়েছে। ডিসেম্বরে মধ্যে নতুন ব্যবস্থায় প্রভিশন সংরক্ষণ করতে হবে। এই পদক্ষেপ ব্যাংক মুনাফায় সাময়িক প্রভাব ফেললেও তা সামগ্রিক তারল্য ও ঋণ জোগানে বিরূপ কোনো প্রভাব ফেলবে না। এ ব্যাপারে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেন, ঋণ শ্রেণীকরণের ক্ষেত্রে প্রতিটি পর্যায়ে সময় আগের তুলনায় কমানো হয়েছে। এ কারণে ব্যাংকগুলোকে একটু বেশি প্রভিশন রাখতে হবে, যা প্রথম দু-একটি প্রান্তিকে মুনাফা কমিয়ে দিতে পারে।পদ্মা সেতুর অর্থায়ন: নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরিসংক্রান্ত এক প্রশ্নে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক সব সময়ই সরকারের ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনের কাজে পাশে থেকেছে। প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, টাকার মান, তিন মাসের আমদানি ব্যয় ঠিক রেখে সবকিছু করা হবে। যেমন করে বাংলাদেশ ব্যাংক সার আমদানি, বিপিসির মাধ্যমে জ্বালানি তেল ক্রয়, কৃষির নানা প্রক্রিয়ায় সহযোগিতা করে, তেমনি এই সময়েও যে প্রয়োজন হবে, তার জন্য সহযোগিতা করা হবে।গভর্নর বলেন, পদ্মা সেতুর কাজগুলো করতে বেশ কিছু সময়ের প্রয়োজন, যা এই মুদ্রানীতিতে পড়বে না। সরকার নিজেই বিদেশ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করবে। বাজার থেকে নেবে। যেকোনো সমস্যা হলে, ডলার কিনতে হলে কেন্দ্রীয় ব্যাংক সমাধান দেবে। বিদেশে বন্ড বিক্রি, রেমিট্যান্স বাড়ানো বিষয়ে এখনই বাংলাদেশ ব্যাংক কাজ করছে।