আরেকটি ঋণমান নির্ণয়কারী সংস্থা অনুমোদন পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে আরও একটি ঋণমান নির্ণয়কারী সংস্থা বা ক্রেডিট রেটিং এজেন্সির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর নাম আলফা ক্রেডিট রেটিং এজেন্সি (এসিআরএল)।এর ফলে দেশে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদিত ঋণমাণ সংস্থার সংখ্যা দাঁড়াল ছয়টিতে। এসব সংস্থার যেকোনো একটি থেকে কোনো ব্যাংক তার ঋণমান নির্ণয় করাতে পারবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পাওয়া রেটিং এজেন্সি সিআরআইএসএল, এনসিআরএল, ইসিআরএল, এসিআরএসএলের পাশাপাশি এখন থেকে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড নামক এজেন্সি থেকে ঋণমান রেটিং করানো যাবে। তবে যে কোম্পানি যে নামেই তাদের ঋণমানের রেটিং গ্রেড দিক না কেন, তা বাংলাদেশ ব্যাংকের ছক অনুযায়ী হতে হবে। দীর্ঘমেয়াদে রেটিং দেওয়ার ক্ষেত্রে সর্বাধিক ভালো অবস্থানে থাকা ব্যাংকের রেটিং বা মান হতে হবে ১ (এক)। এভাবে ক্রমানুসারে ৬ পর্যন্ত মান দেওয়া যাবে। অন্যদিকে স্বল্পমেয়াদে রেটিং দেওয়ার ক্ষেত্রেও তাকে যে নামেই অবহিত করা হোক, ভালো অবস্থানে থাকা ব্যাংকের রেটিং গ্রেড হতে হবে এস১। এভাবে পর্যায়ক্রমে এস৬ পর্যন্ত মান রেটিং দেওয়া যাবে।সাধারণত এ ধরনের সংস্থার অনুমোদন পেতে প্রথমে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির অনুমোদন নিতে হয়। পরে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে ব্যাংকের রেটিং করা যায়।