আরেকটি বাজেট চলে এলে ব্যবসায়ীরা হতাশ হবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে হলে তাঁদের দাবিদাওয়ার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অগ্রগতি দেখাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রথম সহসভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেছেন, মূল্য সংযোজন কর (মূসক) আইন নিয়ে এনবিআর ও এফবিসিসিআইয়ের যৌথ কমিটি সাতটি বিষয়ে একমত হয়েছিল, কিন্তু সেসব কিছুই বাস্তবায়িত হয়নি। এখন মূসক আইন নিয়ে নানা বিষয়ে আলোচনা দরকার। কিন্তু আলোচনা করতে করতে আরেকটি বাজেট চলে এলে ব্যবসায়ীরা হতাশ হবেন।
মুদ্রানীতি, বিনিয়োগ, পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্ক, মূসক আইনসহ বিভিন্ন বিষয় নিয়ে অবস্থান তুলে ধরার জন্য এফবিসিসিআই আয়োজিত সংবাদ সম্মেলনে শফিউল ইসলাম এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, খেলাপি ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংককে আরও কঠোর হতে হবে। এটা না কমালে ভবিষ্যতে ব্যাংক ও ব্যবসায়ীরা বিপাকে পড়বেন। ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে প্রচুর অপ্রদর্শিত অর্থ মূলধারায় আনা গেছে উল্লেখ করে তিনি বাংলাদেশেও কোনো একটি পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।
আবদুল মাতলুব আহমাদ মূসকের হার ৭ শতাংশ করার দাবি জানিয়ে বলেন, ১৫ শতাংশ মূসক যদি প্রতি ধাপে আরোপ করা হয়, তাহলে মোট মূসক ভার ৪৫ শতাংশ হবে। লিখিত বক্তব্যে তিনি বলেন, মূসক নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি এনবিআরের সঙ্গে ১০টি সভা করেছে। সভার আলোকে মূসক নিয়ে এনবিআর থেকে ঘোষণা দেওয়ার কথা থাকলেও সেটার কোনো ফলাফল পাওয়া যায়নি। তিনি বলেন, ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন নিয়ে আমরা এনবিআরের সঙ্গে আলোচনা করতে আগ্রহী।’
এই পর্যায়ে এ বিষয়ে কথা বলার জন্য শফিউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়, যিনি এনবিআরের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিয়েছেন। শফিউল ইসলাম বলেন, মূসক আইন নিয়ে ব্যবসায়ীদের দাবিদাওয়া সম্পর্কে একটি ঘোষণা গত ডিসেম্বরের মধ্যে দেওয়ার কথা ছিল। এরপর এনবিআর থেকে বলা হলো, অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর উপস্থিতিতে ঘোষণাটি দেওয়া হবে। সেই ঘোষণা আসেনি। দুর্ভাগ্যজনকভাবে সভার কার্যবিবরণী এফবিসিসিআইকে দেওয়া হয়নি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে গত সোমবার এফবিসিসিআইয়ের বৈঠক হয়েছে উল্লেখ করে শফিউল ইসলাম বলেন, ‘অর্থমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশায় বুক বেঁধে রইলাম।’ তিনি বলেন, ব্যবসায়ীদের পক্ষে বিদ্যুৎ বিলের ওপর ১৫ শতাংশ মূসক দেওয়া সম্ভব নয়। জীবন রক্ষাকারী ওষুধের ওপর মূসক দেওয়া হয়েছে। সম্পূরক শুল্ক উঠে গেলে কী পরিস্থিতি হবে, তা নিয়েও আলোচনা দরকার।
চলতি অর্থবছরের দ্বিতীয় অংশের জন্য বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি ঘোষণা করেছে, তাকে বেসরকারি বিনিয়োগবান্ধব বলে উল্লেখ করেন মাতলুব আহমাদ। তবে মুদ্রানীতিতে কিছু ঘাটতি আছে বলেও মনে করেন তিনি। তাঁর মতে, বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির লক্ষ্যমাত্রা ১৭ শতাংশ হলে ভালো হতো, যা মুদ্রানীতিতে সাড়ে ১৬ শতাংশ ধরা হয়েছে। খেলাপি ঋণ কমিয়ে আনা, অর্থ পাচার রোধ ও অপ্রদর্শিত অর্থ অর্থনীতির মূলধারায় নিয়ে আসার ক্ষেত্রেও পদক্ষেপ নেওয়া জরুরি।
পাটপণ্যে শুল্কের বিষয়ে মাতলুব আহমাদ বলেন, এ ধরনের পদক্ষেপ দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সঙ্গে সংগতিপূর্ণ হয়।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক শেখ ফজলে ফাহিমসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।