ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তায় গঠিত পুনঃঅর্থায়ন তহবিলে আবেদনের সময় বাড়ল এক মাস
আরেকদফা কমল শেয়ারের ঋণসীমা
দেশের শেয়ারবাজারে গতকাল বুধবার থেকে নতুন প্রান্তিক ঋণ (মার্জিন লোন) সীমা চালু হয়েছে। এর ফলে শেয়ারের বিপরীতে ঋণসীমা আরও এক ধাপ কমল। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত ঋণসীমা অনুযায়ী নতুন এই সিদ্ধান্ত কার্যকর হয়।
নতুন সীমা অনুযায়ী এখন থেকে বিনিয়োগকারীরা শেয়ারের বিপরীতে ১:১ হারে ঋণসুবিধা পাবেন। অর্থাৎ কোনো বিনিয়োগকারী নিজে ১০০ টাকা শেয়ারে বিনিয়োগ করলে তার বিপরীতে ঋণদাতা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস থেকে সর্বোচ্চ ১০০ টাকা ঋণ নিতে পারবেন। এত দিন ১:১.৫ হারে ঋণসীমা কার্যকর ছিল। অর্থাৎ কোনো বিনিয়োগকারী নিজে ১০০ টাকা বিনিয়োগ করলে তার বিপরীতে সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ঋণসুবিধা নিতে পারতেন।
২০১২ সালের ৩০ সেপ্টেম্বর বিএসইসি প্রান্তিক ঋণসংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। তাতে ধাপে ধাপে ঋণসীমা কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১:১ হারে ঋণ বিতরণ করতে হবে। আর চলতি বছরের ১ জুলাই থেকে এই সীমা কমিয়ে ১: ০.৫-এ নামিয়ে আনতে বলা হয়েছে। অর্থাৎ জুলাই থেকে কোনো বিনিয়োগকারী ১০০ টাকা বিনিয়োগ করে তার বিপরীতে সর্বোচ্চ ৫০ টাকা ঋণ সুবিধা পাবেন।
ঋণের সীমা কমে যাওয়ায় বাজারে এর প্রভাব সম্পর্কে জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ঋণসীমা কমলেও এর নেতিবাচক কোনো প্রভাব বাজারে পড়বে না। কারণ বেশির ভাগ ঋণদাতা প্রতিষ্ঠান আগে থেকেই ১:১ হারে ঋণ বিতরণ করে আসছে। ঋণদাতা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আগে থেকে ঋণসীমা কমিয়ে এনেছে।
একাধিক ঋণদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে এই সীমা কার্যকর করা হলেও আগের বিতরণকৃত ঋণের বেলায় তা কার্যকর করা সম্ভব নয়। কারণ অনেক বিনিয়োগকারীর পত্রকোষ বা পোর্টফোলিওতে তাঁদের মূলধনের পরিমাণ ঋণাত্মক হয়ে আছে। এর ফলে ওই বিনিয়োগকারীর বিপরীতে দেওয়া ঋণের সীমাও বেড়ে গেছে।
ঋণ আবেদনের সময় বেড়েছে: এদিকে শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের সহায়তায় গঠিত পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণ নেওয়ার আবেদনের সময়সীমা আরও এক মাস বাড়ানো হয়েছে। এর ফলে আবেদনের এই সময় ৩১ জানুয়ারি পর্যন্ত বেড়েছে। তহবিল তদারকি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কমিটির প্রধান ও বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান।
সাইফুর রহমান জানান, শেষ সময়ে এসে ঋণ আবেদনের পরিমাণ কিছুটা বেড়েছে। এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় ৬৬ কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে। আরও বেশ কিছু ঋণ আবেদন মঞ্জুরের অপেক্ষায় আছে। এসব বিবেচনায় আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছে।