আরেকবার টিসিবিকে শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হলো
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) গতিশীল ও শক্তিশালী করার যে কথা দুই বছর ধরে বলা হচ্ছে, সেটিই আবার নতুন করে বলা হলো গতকাল মঙ্গলবার।সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের এক বৈঠকে গতকাল সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখতে ঢেলে সাজানো হবে টিসিবিকে। পুনর্গঠন করা হবে এর পরিচালনা পর্ষদ। আর ১৯৭২ সালের রাষ্ট্রপতির যে আদেশবলে সংস্থাটি পরিচালিত হচ্ছে, সংশোধন করে তা-ও যুগোপযোগী করা হবে। বাণিজ্যসচিব গোলাম হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন।সূত্র জানায়, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাজার স্থিতিশীল রাখতে ভোজ্যতেল, চিনি, ডাল ও পেঁয়াজের মজুদ বাড়াবে টিসিবি। সংস্থাটিতে সার্বক্ষণিক পরিচালকের পাশাপাশি আরও দুজন পরিচালক নিয়োগ দেওয়া হবে। আর অনুমোদিত মূলধন পাঁচ কোটি টাকার স্থলে করা হবে এক হাজার কোটি টাকা।এ ছাড়া বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রতিনিধিসহ ছয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠন, প্রতি মাসে পর্ষদ সভা করা এবং সংস্থার কার্যক্রম পরিচালনায় এর চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানোর সুপারিশ এসেছে বৈঠকে। তবে ক্ষমতা বাড়ানোর পাশাপাশি টিসিবির চেয়ারম্যানের জবাবদিহিও নিশ্চিত করতে হবে বলে বৈঠকে মতামত এসেছে।বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মুর্তজা রেজা চৌধুরী, টিসিবির চেয়ারম্যান সারোয়ার জাহান তালুকদার, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞা, ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী, এফবিসিসিআইয়ের সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীসহ অর্থ, শিল্প, আইন, সংস্থাপন, খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। জানা গেছে, বর্তমান সরকারের দুই বছরে টিসিবিকে গতিশীল ও শক্তিশালী করার ব্যাপারে চার দফা নির্দেশনা এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ে এসেই আটকে যাচ্ছে এসব নির্দেশনা। মুক্তবাজার তত্ত্বের দোহাই পেড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা আমলে নেওয়া হচ্ছে না।বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগের বারের আওয়ামী লীগ সরকারের সময়ও (১৯৯৬-২০০১) তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টিসিবিকে গতিশীল ও শক্তিশালী করার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তব রূপ লাভ করেনি। বরং ২০০১ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায়ই বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার সংস্থাটিকে দুর্বল করে দেয়।ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকারভুক্ত পাঁচটি বিষয়ের মধ্যে এক নম্বর হলো সরবরাহ ও চাহিদার ভারসাম্য সৃষ্টি করে দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং টিসিবিকে শক্তিশালী করা। সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষিত হয়নি। আর টিসিবির ব্যাপারে একের পর এক শুধু সভাই অনুষ্ঠিত হচ্ছে।