আর্জেন্টিনাকে লাল কার্ড দেখানোর হুমকি দিয়েছে আইএমএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনা এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘লাল কার্ডের’ মুখে রয়েছে।দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়ে বিশ্বাসযোগ্য উপাত্ত না দেখালে নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বলে আইএমএফের প্রধান ক্রিস্টিন ল্যাগার্দে সতর্ক করে দিয়েছেন।ক্রিস্টিন ল্যাগার্দে আর্জেন্টিনাকে এ সমস্যা সমাধানের জন্য ১৭ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।ক্রিস্টিন ল্যাগার্দে বলেন, আইএমএফ আর্জেন্টিনাকে ইতিমধ্যে ‘হলুদ কার্ড’ দেখিয়েছে। কিন্তু দেশটি ‘লাল কার্ড’ও দেখতে পারে।আর্জেন্টিনার সরকারি উপাত্তে বার্ষিক মূল্যস্ফীতির হার বর্তমানে ১০ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। আর অর্থনীতিবিদেরা মনে করেন যে এই হার অন্তত ২৪ শতাংশ হবে।ক্রিস্টিন ল্যাগার্দে বলেন, ‘আর্জেন্টিনাকে সতর্ক করতে আমাদের সামনে ছিল লাল ও হলুদ কার্ড। এর মধ্যে আমরা প্রথম পদক্ষেপে হলুদ কার্ডটাই বেছে নিয়েছিলাম। কিন্তু অবস্থার উন্নতি না ঘটলে দেশটিকে আমরা লাল কার্ডই দেখাব।’ক্রিস্টিন ল্যাগার্দে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এ বক্তব্য দেন। তিনি বলেন, আর্জেন্টিনাকে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি সম্পর্কে বিশ্বাসযোগ্য উপাত্ত পরিবেশনের জন্য তিন মাস সময় দেওয়া হয়েছে।বেসরকারি খাতের অর্থনীতিবিদদের মতে, আর্জেন্টিনা সরকার মূল্যস্ফীতির ক্রমবর্ধমান চাপকে অবজ্ঞা করেই চলেছে।ক্রিস্টিন ল্যাগার্দে বলেন, আইএমএফের চাহিদা মেটাতে না পারলে আর্জেন্টিনা নিষেধাজ্ঞার মুখে পড়বে, এই সংস্থার ভোটাভুটিতে অংশ নেওয়ার ক্ষমতা হারাবে। এমনকি আইএমএফ থেকে বহিষ্কারও হতে পারে।হলুদ ও লাল কার্ডের দিকে ইঙ্গিত করে আইএমএফের প্রধান আরও বলেন, ‘আর্জেন্টিনা ফুটবল খেলায় খুবই ভালো। তাই তারা নিশ্চয়ই বুঝতে পারছে যে আমরা তাদের কী করতে বলছি।’আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ ডি কির্চনার জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক উপলক্ষে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। তিনি ইতিপূর্বে আইএমএফের দাবি নাকচ করে দেন এবং জানান, তাঁর দেশ এখন অর্থনৈতিক বিপর্যয় মোকাবিলা করছে না। বরং তিনি বলেন, ‘ধনী দেশগুলো অংশীদার বা বন্ধু চায় না। তারা শুধু কর্মী ও অধস্তন খোঁজে।’ তিনি আরও বলেন, ‘আমরা কারও কর্মী ও অধস্তন হতে যাব না। কারণ, আমাদের দেশটা স্বাধীন। জাতীয়ভাবে আমাদের মর্যাদা ও গৌরব রয়েছে।’ বিবিসি অবলম্বনে।