আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশকে ১৯০৮ কোটি টাকা দেবে ইইউ
আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশকে এক হাজার ৯০৮ কোটি ৩২ লাখ টাকা অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পাঁচটি খাতে এই অর্থ ব্যয় করা হবে। আগামী তিন বছরের মধ্যে (২০১১-১৩) পর্যায়ক্রমে এই অর্থ ছাড় করবে ইইউ। মাল্টি অ্যানুয়াল ইনডিকেটিভ প্রোগ্রামের আওতায় এই সহায়তা পাওয়া যাবে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আজ বৃহস্পতিবার উন্নয়ন সহায়তা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।শেরেবাংলা নগরে এনইসির সম্মেলনকক্ষে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইঞা এবং ইইউর পক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ও ডেলিগেশন প্রধান স্টিফেন ফ্রোয়েন চুক্তিতে স্বাক্ষর করেন।যেসব খাতে প্রতিশ্রুত অর্থ খরচ করা হবে তার মধ্যে রয়েছে মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক ও বাণিজ্য উন্নয়ন, পরিবেশ ও দুর্যোগ-ব্যবস্থাপনা এবং খাদ্য নিরাপত্তা ও পুষ্টি-ব্যবস্থাপনা।প্রতিশ্রুত অর্থ ব্যয় করার জন্য সরকারের সংশি¬ষ্ট মন্ত্রণালয় ও সংস্থা উল্লিখিত খাতগুলোর মধ্য থেকে প্রকল্প গ্রহণ করবে। প্রতিশ্রুত অর্থ ছাড় করার পর প্রকল্প বাস্তবায়ন করা হবে।ইআরডি সূত্রে জানা গেছে, মাল্টি অ্যানুয়াল ইনডিকেটিভ প্রোগ্রামের আওতায় ২০০৩ সাল থেকে ইইউ বাংলাদেশকে সহায়তা করছে। প্রতি দুই-তিন বছর মেয়াদে তারা বাংলাদেশকে অনুদান দেয়। এর আগে ২০০৭ থেকে ২০১০ সাল মেয়াদে বাংলাদেশের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নে ইইউ সাড়ে ২০ কোটি ইউরো অনুদান দিয়েছে। —বাসস