মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেন নিয়ে টিআরএনবির সেমিনার
আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে দরকার অংশীদারত্ব
দেশে গত কয়েক বছরে দ্রুতগতিতে মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেনের পরিমাণ বাড়লেও এর মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষের আর্থিক অন্তর্ভুক্তির বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জনে টাকা পাঠানো বা তোলার বাইরে মুঠোফোনভিত্তিক অন্যান্য সেবাকে এ সেবায় যুক্ত করতে হবে। একই সঙ্গে সমঝোতার ভিত্তিতে এ খাতের সঙ্গে যুক্ত সব পক্ষের অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত করতে হবে।
এমন মতামত উঠে এসেছে টেলিযোগাযোগ প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক অব বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এক সেমিনারে। রাজধানীর গুলশানের একটি হোটেলে গতকাল মঙ্গলবার আয়োজিত ‘বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তি: সুযোগ, বিপত্তি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ। সেমিনারে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, মুঠোফোন অপারেটর, পরামর্শকসহ এ খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
বাংলাদেশের অর্থনীতিতে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) ক্রমবর্ধমান গুরুত্ব ও উত্থানের পরিপ্রেক্ষিতে সেমিনারটির আয়োজন করা হয়। এতে টিআরএনবির উপস্থাপনায় বলা হয়, এমএফএসের মাধ্যমে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে ঋণদান, সঞ্চয়পত্র, জীবনবিমার মতো বিভিন্ন পরিষেবা দেওয়া সম্ভব। বিদ্যমান নীতিমালায় একমাত্র বাণিজ্যিক ব্যাংকগুলোকে এমএফএস সেবা পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে। এ খাতের উন্নয়নকে পরবর্তী ধাপে নিতে হলে যৌথ প্রচেষ্টার প্রয়োজন।
বহুজাতিক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপারসের (পিডব্লিউসি) বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশিদ বলেন, বিকাশ এখন যেভাবে এ সেবা দিচ্ছে, সেটি ব্যাংক নিয়ন্ত্রিত মডেল নয়, বরং বিকাশ নিয়ন্ত্রিত মডেল। বাজারে একক আধিপত্য (মনোপলি) ভাঙতে বর্তমান নীতিমালাটির এখনই সংশোধনের উদ্যোগ নেওয়া দরকার।
এমএফএস সেবায় মুঠোফোন অপারেটরদের অংশীদার করার প্রস্তাবের বিরোধিতা করেন বিকাশের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিকাশ নিজের যোগ্যতায় আজকের অবস্থানে এসেছে, এখানে কোনো মনোপলি হয়নি। একটি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে ধ্বংস করার জন্যই এ ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে।
মামুন রশিদ বলেন, বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়ার সঙ্গে সঙ্গেই কীভাবে অনেকে বিভিন্ন বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের উপদেষ্টা হচ্ছেন, সেটা একটু ভেবে দেখা দরকার।
বিটিআরসির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেন, এমএফএস সেবার প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য বিষয়টি সঠিকভাবে সমন্বয় করা দরকার।
তারানা হালিম বলেন, ‘আমরা এখানে কোনো ব্লেম গেম খেলব না। তবে এ খাতে আমরা একটি সুস্থ প্রতিযোগিতাও দেখতে চাই। এ জন্য বাংলাদেশ ব্যাংক, বিটিআরসিসহ সবাই মিলে অংশীদারত্বের মাধ্যমে কাজ করতে হবে।’