আর্থিক অন্তর্ভুক্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) সূচকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।বিশ্বব্যাংকের বৈশ্বিক আর্থিক অন্তর্ভুক্তি তথ্যভান্ডার (গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডেটাবেজ) বা গ্লোবাল ফিনডেক্স শীর্ষক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। গত বৃহস্পতিবার এটি প্রকাশ করা হয়। এতে দেখানো হয়েছে, বাংলাদেশের ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষের অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকে হিসাব রয়েছে। শ্রীলঙ্কায় এই হার ৬৯ শতাংশ। ভারত ও পাকিস্তানে এই হার যথাক্রমে ৩৫ ও ১০ শতাংশ।ফিনডেক্সে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ কীভাবে অর্থ সঞ্চয় ও ঋণ করে, কীভাবে অর্থ পরিশোধ করে এবং কীভাবে ঝুঁকিব্যবস্থাপনা করে তা তুলে ধরা হয়েছে। এই প্রতিবেদন তৈরির জন্য ২০১১ সালে বিশ্বের ১৪৮টি দেশ থেকে দেড় লাখের বেশি প্রাপ্তবয়স্ক মানুষের ওপর জরিপ পরিচালনা করে তথ্য সংগ্রহ করা হয়েছে। চার ধরনের সূচকের ভিত্তিতে ফিনডেক্স তৈরি করা হয়েছে। প্রথমটিতে আছে আনুষ্ঠানিক ব্যাংক হিসাব, এই হিসাব ব্যবহারের উদ্দেশ্য ও প্রক্রিয়া এবং কাজের জন্য হিসাবের মাধ্যমে অর্থ প্রাপ্তি। দ্বিতীয়টি সঞ্চয়প্রবণতা বিশ্লেষণ করে যেখানে আছে ব্যাংক হিসাবের ব্যবহার, কমিউনিটিভিত্তিক সঞ্চয়পদ্ধতি ও সঞ্চয়ের লক্ষ্য। তৃতীয় ধরনের সূচকে ঋণ গ্রহণের ধরন ও উদ্দেশ্য (বন্ধকী, জরুরি বা স্বাস্থ্য) অন্তর্ভুক্ত। আর চতুর্থটিতে আছে স্বাস্থ্য ও কৃষিতে বিমাকরণ।প্রতিবেদন অনুসারে বাংলাদেশের দরিদ্রতম-উপার্জনক্ষম ৩৩ শতাংশ মানুষ এবং ৩৫ শতাংশ নারীর কোনো আনুষ্ঠানিক বা স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠানে একটি হিসাব (অ্যাকাউন্ট) আছে। ভারতে এই হার যথাক্রমে ২১ ও ২৬ শতাংশ। আর পাকিস্তানে এই হার যথাক্রমে ৫ ও ৩ শতাংশ। অন্যদিকে শ্রীলঙ্কায় ৫২ শতাংশ দরিদ্রতম-উপার্জনক্ষম ও ৬৭ শতাংশ নারীর অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানে বা ব্যাংকে একটি হিসাব আছে।প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত এক বছরে ১৭ শতাংশ বাংলাদেশি প্রাপ্তবয়স্ক মানুষ একটি আনুষ্ঠানিক ব্যাংক হিসাব রেখে তাতে অর্থ সঞ্চয় করেছেন, যেখানে ভারতে এই হার ১২ শতাংশ ও শ্রীলঙ্কায় ২৮ শতাংশ। তবে পাকিস্তানে এই হার মাত্র ১ শতাংশ।বৈশ্বিক চিত্র: বৈশ্বিক আর্থিক অন্তর্ভুক্তির ওপর আলোকপাত করতে গিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের তিন-চতুর্থাংশ গরিব মানুষের কোনো ব্যাংক হিসাব নেই। কেননা, তাঁরা একদিকে যেমন গরিব, অন্যদিকে ব্যাংক হিসাব খুলতে ব্যয় বহন, দূরত্ব ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি তাঁদের জন্য বাধা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আনুষ্ঠানিক বা অনুমোদিত ব্যাংকব্যবস্থায় প্রবেশ করতে না পেরে তাঁরা ঋণদাতা মহাজনদের দ্বারস্থ হন, যাঁরা প্রায়শই উচ্চহারে সুদারোপ করে থাকেন। ব্যাংকসুবিধা-বঞ্চিত এই মানুষেরা নিজেদের ব্যবসা শুরু করতে যেমন পারেন না, তেমনি অপ্রত্যাশিত ঘটনার বিপরীতে বিমাও করতে পারেন না।এই অবস্থায় বিশ্বের ২৫০ কোটি মানুষকে আনুষ্ঠানিক আর্থিক সেবা প্রদান করা হলে তা অর্থনৈতিক প্রবৃদ্ধি যেমন বাড়াবে, তেমনি গরিব মানুষের জন্য সুযোগ সৃষ্টি করবে বলে মনে করেন বিশ্বব্যাংকের বিদায়ী প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিখ।প্রতিবেদন অনুসারে, বিশ্বের উচ্চ আয়ের অর্থনীতির দেশগুলোতে প্রতি ১০ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে নয়জনেরই আনুষ্ঠানিক ব্যাংক হিসাব রয়েছে। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ২৮ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ আনুষ্ঠানিক হিসাবের মাধ্যমে গত এক বছরে অর্থ সঞ্চয় করেছেন, যেখানে বাকি উন্নয়নশীল দেশগুলোতে এই হার ১০ শতাংশ।বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশনের কাছ থেকে ১০ বছরের অনুমোদন পেয়ে বিশ্বব্যাংকের উন্নয়ন গবেষণা দল এই তথ্যভান্ডার তৈরি করছে। এই ফিনডেক্স বা সূচক আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক তথ্যের যে বিরাট ঘাটতি আছে, তা পূরণে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।