আর্থিক খাত স্থিতিশীল: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, ‘দু-একটা ঝুঁকির বুদ বুদ হয়তো উঠছে। তবে আর্থিক খাত অত্যন্ত স্থিতিশীল অবস্থায় আছে।’ তিনি ব্যাংকের তহবিল কীভাবে নাড়াচাড়া চলছে, সে বিষয়ে বাণিজ্যিক ব্যাংগুলোর প্রধান নির্বাহীদের সরাসরি নজর রাখার পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে দেশের আর্থিক খাতের ‘আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন-২০১১’-এর মোড়ক উন্মোচনকালে গতকাল রোববার গভর্নর এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর, কয়েকজন নির্বাহী পরিচালক ও তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী প্রতিবেদনের উদ্দেশ্য ও ব্যাংক খাতের বর্তমান স্থিতিশীলতার অবস্থান ও তথ্য তুলে ধরেন। ফিন্যানশিয়াল স্টাবিলিটি ডিপার্টমেন্টের উপপরিচালক মো. আলাউদ্দিন প্রতিবেদনের মূল বিষয়গুলো উপস্থাপন করেন।প্রতিবেদন অনুসারে ২০১১ সাল শেষে শীর্ষস্থানীয় পাঁচটি ব্যাংকের কাছে দেশের মোট আমানতের ৩৫ দশমিক ৩ শতাংশ জমা রয়েছে। আর শীর্ষস্থানীয় ১০ ব্যাংকের কাছে জমা আছে প্রায় ৫০ শতাংশ। মোট আমানতের ৫৬ দশমিক ৫ শতাংশই মেয়াদি আমানত। এসব তথ্য ইতিবাচক মনে করা হচ্ছে। কেননা, একসময় রাষ্ট্র খাতের চার ব্যাংকের কাছে মোট আমানতের ৬০ ভাগের বেশি গচ্ছিত ছিল। তাতে এই ব্যাংকগুলোর কোনোটি সমস্যাকবলিত হলে ব্যাংক খাতেই সমস্যা তৈরি হতো। মোট আমানতের অর্ধেকের বেশি স্থায়ী বা মেয়াদি আমানতও ইতিবাচক মনে করা হচ্ছে। কেননা, নির্দিষ্ট মেয়াদের জন্য এটা গচ্ছিত রয়েছে ব্যাংকগুলোতে।২০১০ সাল শেষে খেলাপি ঋণের মধ্যে ৮৬ দশমিক ১ শতাংশ ছিল আদায় অযোগ্য মন্দ বা খারাপ মানের ঋণ। ২০১১ সাল শেষে কিছুটা কমে তা নেমে এসেছে ৭৩ দশমিক ৮ শতাংশে। এটি অবশ্য এখনো উদ্বেগের কারণ।খারাপ মানের পাঁচ ব্যাংকের কাছে মোট খেলাপি ঋণের ৬০ দশমিক ৩ শতাংশ রয়েছে। আর ১০ ব্যাংকের কাছে আছে ৭৩ দশমিক ১০ শতাংশ। ২০১১ সালে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা ৯ দশমিক ৩০ শতাংশ হারে বাড়লেও নিট মুনাফা কমেছে ৯ দশমিক ৭০ শতাংশ। ব্যাংকের সুদ আয় কম হয়ে সুদবহির্ভূত আয় বেশি হচ্ছে।বিভিন্ন সম্ভাব্য অভিঘাত মোকাবিলার জন্য সহন ক্ষমতা পরীক্ষায় (স্ট্রেস টেস্টিং) বাংলাদেশ ব্যাংক দেখেছে, মধ্য পর্যায়ে অভিঘাত এলে অর্থাৎ ব্যাংকগুলোর ১০ শতাংশ ঋণ সরাসরি মন্দ পর্যায়ে খেলাপি হলে ব্যাংকগুলোর মূলধন ঘাটতি দেখা দেবে। তবে সুদের হার ঝুঁকি, বিনিময় হার ঝুঁকি, শেয়ার বা মূলধনজনিত ঝুঁকি-সম্পর্কিত তীব্র অভিঘাত এলেও ব্যাংকের মূলধন ঘাটতিতে পড়বে না। যেমন: শেয়ারবাজারে যদি ৪০ ভাগ মূল্যপতনও ঘটে, তাহলেও ব্যাংকের মূলধন ব্যাসেল সুপারিশের ওপরে অর্থাৎ ১০ দশমিক ৪৫ শতাংশে থাকবে।সব অভিঘাত যদি একবারে আসে তাহলে ব্যাংক খাতে মূলধন পর্যাপ্ততার হার কমে যাবে। কিন্তু এমন পরিস্থিতি আসবে বলে মনে করা হয় না। এসব পরীক্ষা করা হয় সম্ভাব্য অভিঘাত মোকাবিলায় ব্যাংক খাতের ক্ষমতা বিশ্লেষণের জন্য।