আর্থিক খাতে আসছেন ৯ নতুন এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক, তিন বিশেষায়িত ব্যাংক ও দুটি করপোরেশনে নতুন নয়জন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আসছেন।

রাষ্ট্র খাতের সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে এক মাসেরও বেশি সময় ধরে এমডি নেই। আর্থিক খাতের দুটি সংস্থা সাধারণ বীমা করপোরেশন এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন এমডিহীন আট মাস ধরে।

বিশেষায়িত সব ব্যাংকে এমডি থাকলেও তাঁদের থেকে তিনজনকে নিয়ে আসা হবে বাণিজ্যিক ব্যাংকগুলোতে। বিশেষায়িত ব্যাংকগুলোতে আসবেন তখন নতুন এমডি। আবার রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকে এমডি থাকলেও তাঁকে অন্য ব্যাংকে নিয়োগ দেওয়ার চিন্তাও চলছে। সে ক্ষেত্রে জনতা ব্যাংকেও নতুন এমডি নিয়োগ দেওয়া হবে।

এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গতকাল সোমবার ডিএমডি থেকে এমডি এবং মহাব্যবস্থাপক থেকে ডিএমডি পদে পদোন্নতির বিষয়ে প্যানেল তৈরির জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে সচিব ইউনুসুর রহমান গত রাতে মুঠোফোনে বলেন, ‘বৈঠকের আলোচনা অনুযায়ী আমরা এখন কাজ করব।’

সোনালী ব্যাংকে দিদার মো. আবদুর রব, অগ্রণী ব্যাংকে কাজী সানাউল হক ও রূপালী ব্যাংকে দেবাশীষ চক্রবর্তী ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করছেন। তিনজনই ওই তিন ব্যাংকের ডিএমডি।

ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, তিন মাসের বেশি সময় এমডির পদ শূন্য রাখা যায় না। বাংলাদেশ ব্যাংক তখন শূন্য পদে প্রশাসক নিয়োগ দেয়।

জানা গেছে, সার্চ কমিটির সুপারিশে একটি তালিকা তৈরি করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এর মধ্যে কর্মসংস্থান ব্যাংকের এমডি ওবায়দুল্লাহ আল মাসুদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি মোহাম্মদ শামস্-উল-ইসলাম, প্রবাসী কল্যাণ ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান, বেসিক ব্যাংকের এমডি মো. ইকবাল—তাঁদের নাম রয়েছে। জানা গেছে, বাণিজ্যিক ব্যাংকে তাঁদের নিয়োগ দেওয়া হলে অন্য ডিএমডিদের পদোন্নতি দিয়ে বিশেষায়িত ব্যাংকগুলোর এমডি নিয়োগ করা হবে।

এদিকে আট মাসেরও বেশি সময় ধরে অতিরিক্ত দায়িত্বের এমডি দিয়ে চলছে সাধারণ বীমা করপোরেশন এবং হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন। এতে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই আটকে থাকছে বলে জানা গেছে।

বর্তমানে সাধারণ বীমা করপোরেশনে এমডির দায়িত্ব পালন করছেন সংস্থার মহাব্যবস্থাপক শামিম আখতার। আর হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনেও এমডির দায়িত্ব পালন করছেন সংস্থাটির মহাব্যবস্থাপক দৌলতুন্নাহার বেগম। সংস্থা দুটির জনবল-কাঠামোতে উপব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) পদ নেই।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সূত্রগুলো জানায়, সাধারণ বীমা করপোরেশনে বেসরকারি খাত থেকে এমডি নিয়োগের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন পাওয়ার পর প্রজ্ঞাপন জারি করা হবে।

এদিকে হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনে আবার এমডি নিয়োগ পেতে চেষ্টা করছেন সংস্থাটির সাবেক এমডি নুরুল আলম তালুকদার। মন্ত্রণালয়  তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ খতিয়ে দেখছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও দুই করপোরেশনে দ্রুত এমডি নিয়োগ দিতে আমরা চেষ্টা করছি।’