আর্থিক খাতে জোরালো সুশাসনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন দেশের অর্থনীতিবিদ, ব্যাংকার ও গবেষকেরা। তাঁরা সরকারি মালিকানাধীন ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ কমানোরও দাবি জানিয়েছেন। পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক সেমিনারে গতকাল শনিবার বক্তারা এসব কথা বলেন। বনানীর পিআরআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশের অর্থনীতির নীতিবিষয়ক এ সেমিনারে সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান। প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। রেহমান সোবহান মনে করেন, বেসরকারি ব্যাংক পল্লি অঞ্চলের নিম্ন আয়ের মানুষের কাছে যেতে ব্যর্থ হয়েছে। সরকারি ব্যাংকের কিছুটা কার্যক্রম রয়েছে। ক্ষুদ্রঋণে উচ্চ সুদের হার এখনো সমস্যা। তাই দরিদ্র মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছাতে নীতি প্রণয়ন দরকার। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান হল-মার্ক কেলেঙ্কারি সম্পর্কে বলেন, হল-মার্কের ঋণ বিষয়ে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়া হয়নি। মাঠপর্যায়ের অন্যান্য ঋণ-প্রক্রিয়ার মাধ্যমেই তা নেওয়া হয়েছে। বেসরকারি ব্যাংকের প্রধানেরা অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে মাঠে যেকোনো অনিয়ম দৃষ্টিগোচরে আনতে পারেন, যা সরকারি মালিকানা ব্যাংকে এখনো সম্ভব হচ্ছে না। মসিউর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের স্বাতন্ত্র্য ও স্বাধীনতা রয়েছে। সরকার বাংলাদেশ ব্যাংককে কোনো সিদ্ধান্ত নিতে নির্দেশনা দেয় না। নতুন ব্যাংকের লাইসেন্স কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া উচিত নয় উল্লেখ করে মসিউর রহমান বলেন, এটা কেন্দ্রীয় ব্যাংকের মূল কাজ নয়। সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেন, আর্থিক খাতের রাজনৈতিক ও সংবেদনশীল বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক খুব একটা ভূমিকা রাখতে পারে না। এ জন্য কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করা দরকার। তিনি আরও বলেন, অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিচয়ে ব্যাংকের পরিচালক নির্বাচিত হন। সেমিনারে পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর তাঁর প্রবন্ধে পুঁজিবাজারে ডিমিউচুয়ালাইজেশন প্রথা দ্রুত চালুর সুপারিশ করা হয়। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদের ব্যাংকিং খাতবিষয়ক মূল প্রবন্ধে এই সুপারিশ করা হয়। তাঁর পক্ষে পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তার প্রবন্ধটি উপস্থাপন করেন। প্রবন্ধে সরকারি ব্যাংকগুলোকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সুপারিশ করা হয়।এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হাসান জামান বলেন, অতি দরিদ্রদের কাছে সরকারি মালিকানাধীন ব্যাংকই তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। অন্য বেসরকারি ব্যাংক খুব একটা পৌঁছাতে পারেনি।