আর্থিক খাতে নৈতিকতা চর্চা কমে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর দুভুরি সুব্বারাও মঙ্গলবার রাতে বিআইবিএম আয়োজিত ১৬তম নুরুল মতিন স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য দেন l প্রথম আলো
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর দুভুরি সুব্বারাও মঙ্গলবার রাতে বিআইবিএম আয়োজিত ১৬তম নুরুল মতিন স্মারক বক্তৃতা অনুষ্ঠানে বক্তব্য দেন l প্রথম আলো

শক্তিশালী নৈতিক অবস্থান ও মূল্যবোধ একটি আর্থিক প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক মুনাফা নিশ্চিত করে বলে মনে করেন ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) সাবেক গভর্নর দুভুরি সুব্বারাও। তাঁর মতে, দীর্ঘ মেয়াদে ব্যবসা করতে হলে কম সময়ে বেশি মুনাফা অর্জনের চিন্তা থেকে সরে আসতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে সব পর্যায়ে নৈতিকতা ও মূল্যবোধের বিষয়গুলো নিয়মিত চর্চা করার পরিবেশও নিশ্চিত করতে হবে। আর্থিক খাতে নৈতিকতা চর্চা কমে যাচ্ছে বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ১৬তম নুরুল মতিন স্মারক বক্তৃতায় গত মঙ্গলবার এসব কথা বলেন দুভুরি সুব্বারাও। ব্যাংক ও আর্থিক খাতের নৈতিকতা চর্চা নিয়ে ২০০১ সাল থেকে প্রতিবছরই এ স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে বিআইবিএম। এবারের বক্তৃতার বিষয়বস্তু ছিল ‘আর্থিক খাতে নৈতিকতা—একটি বৈপরীত্য?’। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।

দুভুরি সুব্বারাও বলেন, এখন একটি ধারণা তৈরি হয়েছে যে নৈতিকতা ধরে রেখে ব্যবসা করলে মুনাফা করা সম্ভব নয়। এই ধারণা মোটেই ঠিক নয়, বরং এর উল্টোটাই সত্যি। একটি প্রতিষ্ঠান সামাজিক উন্নয়নকে বেশি গুরুত্ব দিলে সেটির মুনাফা না করার কোনো কারণ নেই। আজকের দিনেও এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা নৈতিকতা ও মূল্যবোধ ধরে রেখে ব্যবসা করেও শুধু টিকেই থাকেনি, সেটার চর্চা করেও মুনাফা ধরে রেখেছে। বরং নৈতিকতার কারণে আপস করা বেশির ভাগ প্রতিষ্ঠানই হারিয়ে গেছে।

২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত আরবিআইয়ের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা দুভুরি সুব্বারাও বলেন, নৈতিকতা ধরে রেখেই শুধু ব্যাংক ও আর্থিক খাতের পক্ষে সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব, অন্য কোনো উপায়ে নয়। তবে দুঃখজনক হলেও সত্য যে অন্য অনেক খাতের মতো আর্থিক খাতের নৈতিকতা চর্চা এখন এমন একটা পর্যায়ে নেমে গেছে যে অনেকেই এগুলোকে শুধু কথার কথা মনে করেন। নিয়ম ভাঙার চাপ ও সুযোগ, অতিমাত্রার লোভ, ধরা পড়লে শাস্তি হওয়ার সম্ভাবনা কমে আসার মতো বিষয়ের কারণে আর্থিক খাতে নৈতিকতা চর্চা কমে যাচ্ছে বলে তিনি মনে করেন।

বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করা সুব্বারাও মনে করেন, আর্থিক খাতে নৈতিকতা চর্চা বাড়াতে সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ। এ জন্য প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান, পুরো খাত ও নিয়ন্ত্রক সংস্থাকে একত্রে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ ও ভারতের মতো উন্নয়নশীল দেশের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, প্রতিটি আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব লক্ষ্য ও অভীষ্টভিত্তিক একটি ‘মিশন স্টেটমেন্ট’ এখন পাওয়া যায়। কিন্তু ওই ব্যবসায়িক দর্শন দৈনন্দিন কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য তেমন কার্যকর উদ্যোগ দুর্ভাগ্যজনকভাবে চোখে পড়ে না।

এ সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়ও বাতলে দেন দুভুরি সুব্বারাও। তিনি বলেন, প্রাতিষ্ঠানিকভাবে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে কর্মীদের অল্প সময়ে বেশি মুনাফা করার প্রবৃত্তি থাকবে না। এ জন্য প্রতিষ্ঠানের নেতৃত্বের উদাহরণ তৈরি ও মানবসম্পদ নীতিমালা তৈরিতে নৈতিকতার চর্চা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

নৈতিকতা চর্চায় নিয়ন্ত্রক সংস্থার গুরুত্ব তুলে ধরে ভারতের সাবেক অর্থসচিব সুব্বারাও বলেন, শুধু ঝুঁকি মোকাবিলা ও গ্রাহক স্বার্থ রক্ষা করা নিয়ন্ত্রক সংস্থার কাজ হলে চলবে না। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন কর্মকাণ্ড নৈতিকতা মেনে চালাচ্ছে কি না, সেটিও দেখতে হবে।