আর্থিক খাতের অতিরিক্ত কর্মকাণ্ডে ব্যাংকের সংযুক্তি কমাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং হলো দীর্ঘমেয়াদি ব্যবসা এবং এই ব্যবসার ভিত্তি হলো বিশ্বাস। তাই ব্যাংক ব্যবসায় সংশ্লিষ্ট সব পক্ষের বিশ্বাস ও আস্থা গড়ে তোলায় মনোযোগী হওয়া উচিত। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর ইয়াগা ভেনুগোপাল (ওয়াই ভি) রেড্ডি গতকাল শনিবার এসব কথা বলেছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত ‘ব্যাংকিংয়ে নৈতিকতা বিষয়ে দ্বাদশ নূরুল মতিন স্মারক বক্তৃতা’য় রেড্ডি এসব কথা বলেন। তিনি ‘ব্যাংকিংয়ে বিশ্বাস’ (ট্রাস্ট ইন ব্যাংকিং) শিরোনামে তাঁর লিখিত বক্তব্য উপস্থাপন করেন।রেড্ডি বলেন, বিশ্বাস ধরে রাখার ক্ষেত্রে সনাতনী ও বিশেষ খুচরা ব্যাংকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকগুলোকে অবশ্যই আর্থিক খাতের অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে অতিমাত্রায় সংযুক্তি থেকে বিরত রাখতে হবে, রক্ষা করতে হবে।রেড্ডির মতে, ব্যাংকিং তথা আর্থিক খাতে বিশ্বাস বজায় রাখার দায়িত্ব নিয়ন্ত্রক হিসেবে যেমন সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের ওপর বর্তায়, তেমনি বর্তায় প্রতিষ্ঠানগুলোর ওপরও। এ ক্ষেত্রে নিয়ন্ত্রকদের বিশেষত কেন্দ্রীয় ব্যাংকের বিশাল দায়িত্ব হলো ব্যাংকের ওপর জনগণ যেন দীর্ঘমেয়াদে বিশ্বাস ধরে রাখতে পারে সেদিকে মনোযোগ দেওয়া। এটা আর্থিক বাজারের বিশ্বাসযোগ্যতা অর্জনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা, এই বিশ্বাসযোগ্যতা প্রায়শই স্বল্পমেয়াদি হয়ে থাকে। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার সন্ধ্যায় এই বক্তৃতার আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী।সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।রেড্ডি বলেন, মানুষ ব্যাংককে বিশ্বাস করে এ জন্য যে, সরকার ব্যাংকের অনুমোদন বা লাইসেন্স দেয়। আর এটার ভিত্তিতে ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে, মানুষের বিশ্বাস অর্জন করে। জনগণ তাই মনে করে যে, সরকারই যেকোনোভাবে ব্যাংকের বিশ্বস্ততা নিশ্চিত করবে। অন্যদিকে সরকার এই অনুমোদনের বিনিময়ে আর্থিক খাত থেকে ঋণ করে, অর্থায়ন করে। আর্থিক খাত তাই মনে করে যে, যখন সম্ভব তখন তারা সরকারকে অর্থায়ন করবে। একদিক থেকে এটা এক ধরনের সুবিধাভোগী (ইনসাইডার) ব্যবসা। কিন্তু যখন উভয়ই ব্যর্থ হয়, তখনই দেখা দেয় আর্থিক সংকট।