আর্থিক খাতের ওপর জার্নাল প্রকাশ
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (বিবিটিএ) থটস অব ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স শীর্ষক জার্নাল প্রকাশ করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান গতকাল মঙ্গলবার এর মোড়ক উন্মোচন করেন।
এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও ইউএনডেসার সামষ্টিক অর্থনীতিবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হামিদ রশিদ। উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ও নাজনীন সুলতানা, কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক উপদেষ্টা আখতারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। সভাপতিত্ব করেন বিবিটিএর নির্বাহী পরিচালক আতাউর রহমান।
আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত অর্থনীতিবিদ ও পেশাজীবীদের ছয়টি লেখা নিয়ে গত বছরের জুলাই-ডিসেম্বর সময়কালের প্রথম এই জার্নালটি প্রকাশ হয়। লেখাগুলোতে সমসাময়িক বাংলাদেশের ব্যাংকিং ও অর্থনীতির বিশ্লেষণ করা হয়েছে। এখন থেকে প্রতি ছয় মাস অন্তর এ ধরনের জার্নাল প্রকাশ করবে বিবিটিএ।
অনুষ্ঠানে গভর্নর বলেন, সহজ শর্তে কৃষি খাতে ঋণ দেওয়া হচ্ছে। গবেষণা না থাকায় জিডিপিতে এর কতটুকু প্রভাব পড়ছে তা প্রকাশ হচ্ছে না।
এ ধরনের অনেক কর্মকাণ্ডের অবদান সম্পর্কে ধারণা পাওয়া যায় না। জার্নালে এসব বিষয় যুক্ত করতে হবে। তিনি বলেন, দেশের ইতিবাচক পরিবর্তন বা উন্নয়নের জন্য গবেষণা কার্যক্রম বাড়াতে হবে। এসব গবেষণায় তরুণ প্রজন্মকে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে।