আর্থিক খাতের চার নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক খাতের গতিশীলতা বজায় রাখার লক্ষে এ খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলো পরস্পরের সঙ্গে সহযোগিতার জন্য একটি স্মারক স্বাক্ষর করেছে।বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (এমআরএ) গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলনকক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান, আইডিআরএর পক্ষে সদস্য নব গোপাল বণিক, এসইসির পক্ষে নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান এবং এমআরএর পরিচালক মো. সাজ্জাদ হোসেন এতে স্বাক্ষর করেন। এই স্মারক স্বাক্ষরের ফলে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাজের মধ্যে কার্যকর সমন্বয় ঘটবে বলে মনে করেন আতিউর রহমান। তিনি আরও বলেন, আর্থিক খাতের বিভিন্ন বিষয়ের ওপর পারস্পরিক সংলাপ ও তথ্য বিনিয়মের মাধ্যমে সংস্থাগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতার মনোভাব গড়ে উঠবে। এর ফলে পারস্পরিক সম্পর্কযুক্ত নীতিমালা প্রণয়ন ও তদারকির ক্ষেত্রে মতপার্থক্য দূর করে সমন্বিত নীতি প্রণয়নের মাধ্যমে আর্থিক খাতের স্থিতিশীলতাকে নিশ্চিত করা যাবে।